অবশেষে জোড়া আঘাত বাংলাদেশের

পঞ্চাশ ওভারও প্রায় যায় যায়। কিন্তু উইকেটের দেখা নেই। মরীচিকা হয়ে ওঠা সেই উইকেটের দেখা অবশেষে পেয়েছে বাংলাদেশ। শুধু তা-ই নয়, দেখা মিলতেই উইকেট পড়ল দুটো। উদ্বোধনী জুটিতে ১৪৩ রান তোলার পর ২ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুটো উইকেটের সঙ্গেই জড়িয়ে থাকল প্রথম টেস্টে নজর কাড়া তাইজুল ইসলামের নাম।
প্রথমে শফিউলের বলে ক্যাচ লুফে নিয়ে ফেরালেন আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান ক্রেগ ব্রাফেটকে (৬৩)। তিন ওভার পর নিজে বোলারের ভূমিকাতে এলবিডব্লুর ফঁাদে ফেললেন লিওন জনসনকে। ক্রিস গেইলের অনুপস্থিতিতে এই ম্যাচে অভিষেক হয়েছে ২৭ বছর বয়সী জনসনের। ওয়েস্ট ইন্ডিজের ৫০০তম ম্যাচে তাঁর হাতে টেস্ট ক্যাপ তুলে দিয়েছেন ক্লাইভ লয়েড, নিজে এক সময় যে দলটিকে নিয়ে গিয়েছিলেন অন্য এক উচ্চতায়। ক্যাপ তুলে দেওয়ার আগে লয়েড জনসনের উদ্দেশে নাতিদীর্ঘ একটা বক্তব্যও দিয়েছেন। হয়তো বলেছেন, মুহূর্তটাকে স্মরণীয় করে রাখো।
সেই পথেই এগোচ্ছিলেন জনসন। কিন্তু এখন পর্যন্ত ইনিংসের একমাত্র ছক্কাটি হাঁকানো এই তরুণ শেষ পর্যন্ত ৬৬ রানে থেমেছেন। রিপ্লে বলছে, রিভিউ নিলে এই যাত্রা হয়তো বেঁচে যেতেন। বল লেগ স্টাম্পের বাইরে দিয়েই যাচ্ছিল। কিন্তু রিভিউ নেবেন কি নেবেন না করতে করতে সময়ই পার করে ফেলেন। সাজঘরে গিয়ে রিপ্লে দেখে আক্ষেপটা নিশ্চয়ই তাঁর বেড়েছে। অভিষেক টেস্টে সেঞ্চুরির সম্ভাবনাই যে জাগিয়েছিলেন দারুণ ব্যাটিং করা এই তরুণ।
এই প্রতিবেদন লেখার সময় প্রথম দিনের চা বিরতি পর্যন্ত ওই ২ উইকেটেই ১৫৩ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল মুশফিকুর রহিমকে। সিরিজের শেষ টেস্টেও একই সিদ্ধান্ত বাংলাদেশ অধিনায়কের। উইকেটের শুরুর আর্দ্রতা কাজে লাগাতে চেয়েছিলেন। তা তো হয়নি, উল্টো উইকেটের দেখা পেতে পেতে প্রায় চা বিরতির সময় এসে গিয়েছিল বাংলাদেশের জন্য। আপাতত জোড়া আঘাতে কিছুটা স্বস্তিতে আছেন বাংলাদেশ অধিনায়ক। কার্ক এডওয়ার্ডসের সঙ্গে এখন ব্যাট করছেন ড্যারেন ব্র্যাভো।
সেন্ট লুসিয়ায় শেষ েসশনটা এখন বাংলাদেশ নিজের করে নিতে পারে কিনা, সেটাই দেখার।