অবশেষে জয় পেয়ে খুশি ওয়ালার

সময়টি ভালো যাচ্ছিল না জিম্বাবুয়ের। আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ খোয়ানোর পর টি-টোয়েন্টি সিরিজেও সবগুলো ম্যাচে হার। বাংলাদেশে এসেও প্রথম দুই ম্যাচে দেখা মেলে সেই জিম্বাবুয়ের। তৃতীয় ম্যাচে এসে তারা ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে ধরে রেখেছে সিরিজ ড্র করার আশাটাও । যাঁর হাত ধরে আজ জয় পেল জিম্বাবুয়ে, সেই ম্যালকম ওয়ালারও জানালেন এই জয়ের জন্য কতটা উন্মুখ ছিলেন তাঁরা।
নভেম্বরেই বাংলাদেশে দুটি টি-টোয়েন্টি খেলে গেছে জিম্বাবুয়ে। সেই সিরিজেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়ালারের ঝোড়ো ব্যাটিংই জয় এনে দিয়েছিল জিম্বাবুয়েকে । কিন্তু এর পর আফগানিস্তানের বিপক্ষে টানা দুই সিরিজ হার সেই স্মৃতিকে পুরো মাটি চাপা দিয়েছে। আজকের এই জয়ে তাই ওয়ালারের কণ্ঠে স্বস্তির প্রকাশ, ‘খুবই ভালো লাগছে, ছেলেরা অনেক খুশি। ড্রেসিংরুমে অনেক হাসিমুখ দেখা যাচ্ছে, অনেক মজা হচ্ছে। জিততে পেরে ভালো লাগছে। গত কয়েক সপ্তাহে এমন কিছু ম্যাচ ছিল যা আমাদের জেতা উচিত ছিল, কিন্তু আমরা শেষে গিয়ে পারিনি। আজ পেরে দারুণ লাগছে।’
আজ প্রথমে নেমে দারুণ শুরু করেছে জিম্বাবুয়ের টপ অর্ডার। পরে ওয়ালারের ২৩ বলের ৪৯ রানের ঝড় নিশ্চিত করেছে জিম্বাবুয়ের বড় রান। খুলনার পিচে ১৮৭ রান তাড়া করাটা শেষ পর্যন্ত বাংলাদেশের নাগালের বাইরে বলেই প্রমাণিত হয়েছে। ওয়ালারও জানালেন তাঁদের পরিকল্পনা ছিল এটাই, ‘আমাদের মনে হয়েছে এই উইকেটে রান তাড়া করার চেয়ে আগে ব্যাট করাই ভালো। স্কোরকার্ডে বড় রান নিয়ে জয়ের জন্য নামা সব সময়ই ইতিবাচক ব্যাপার। কন্ডিশন যেমনই থাকুক, আমাদের লক্ষ্য ছিল আগে ব্যাট করা।’
আজকের এই জয় দিয়ে বাংলাদেশের সিরিজ জয়টা একটু অনিশ্চিত করে তুলেছে জিম্বাবুয়ে। নিজেদের পরবর্তী লক্ষ্যটাও ঠিক করে ফেলেছেন ওয়ালার, ‘সিরিজ ২-১ হওয়ায় পরের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। আজকে যা করেছি, পরের ম্যাচে মাঠে নেমে আমরা ঠিক সেগুলোই করার চেষ্টা করব। আশা করি আমরা সিরিজ ড্র করতে পারব।’