বিশ্বকাপের স্পনসর এমিরেটস ফেসবুকে আয়োজন করেছিল এক প্রতিযোগিতার। ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তানের ম্যাচে জয়ী দলের নাম বলে সেখানে জয়ী হন জিগনেশ সাংঘ্রাজকা নামের এক ভারতীয় কোম্পানি কর্মী। পুরস্কারের মধ্যে ছিল বিশ্বকাপ ফাইনালের টিকিট, বিমানের ইকোনমি শ্রেণির দুটি টিকিট, মেলবোর্নে তিন রাত থাকার ব্যবস্থা। তবে বাগড়া বাধায় অভিবাসন সংস্থা। ‘অপর্যাপ্ত আয়’-এর কারণে শুরুতে ভিসা দেওয়া হয়নি তাঁদের। জিগনেশের ভাই মেহুল সাংঘ্রাজকা পেশায় তদন্ত-পরামর্শক। দুজন মিলে অস্ট্রেলীয় অভিবাসন সংস্থাকে প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে দেখিয়েছিলেন আইসিসির চিঠিও। কাজ হয়নি এতেও, সবশেষে তাঁরা দ্বারস্থ হলেন প্রচারমাধ্যমের। আর প্রচারমাধ্যম নড়েচড়ে বসা মানে কর্তৃপক্ষের টনক না নড়ে পারেই না। অবশেষে দুই ভাই মেলবোর্ন পৌঁছাচ্ছেন ২৬ মার্চ। জিগনেশ আনন্দ সংবাদের সঙ্গে একটি বার্তাও দিয়েছেন ফেসবুকে, ‘সাধারণ মানুষের শক্তিকে কখনো অবহেলা করবেন না।’ দ্য এজ।