অবশেষে দ্রাবিড়ের হাতে 'বিশ্বকাপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ‘বিশ্বকাপ; জিতলেন দ্রাবিড়। ছবি: এএফপি
অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ‘বিশ্বকাপ; জিতলেন দ্রাবিড়। ছবি: এএফপি
>
  •  ক্যারিয়ারে কখনোই বিশ্বকাপ জিততে পারেননি রাহুল দ্রাবিড়
  •  তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের অপূর্ণতা ছিল এটিই
  • ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপে তাঁর নেতৃত্বে প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত
  •  দ্রাবিড় দারুণ খুশি কোচ হিসেবে অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জিতিয়ে
  •  তাঁর মতে অনূর্ধ্ব-১৯ দলের এই সাফল্যই সবকিছুর শেষ নয়

১৯৯৬ সালে আন্তর্জাতিক অভিষেক। বিদায় বলেছেন ২০১২-তে। দীর্ঘ ১৬ বছরের ক্রিকেট জীবনে কখনোই বিশ্বজয়ের স্বাদ পাননি রাহুল দ্রাবিড়। তাঁর দেশ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও এই সংস্করণের ‘যোগ্য’ হিসেবে তাঁকে কখনোই ভাবা হয়নি। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারতীয় দলেও দ্রাবিড় তত দিনে ‘ব্রাত্য’। ২০০৭ সালে অধিনায়ক হিসেবেই গিয়েছিলেন বিশ্বকাপে, কিন্তু সেবার বাংলাদেশ-শ্রীলঙ্কার সঙ্গে হেরে প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছিল তাঁর দেশ। সেই দ্রাবিড়ই অবশেষে ‘বিশ্বকাপ’ জিতলেন! তবে সম্পূর্ণ অন্য ভূমিকায়। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে তিনি অংশীদার হলেন অনন্য এই গৌরবের।
১৬৪টি টেস্ট খেলেছেন ক্যারিয়ারে। ওয়ানডে ৩৪৪টি। যেকোনো বিচারেই ক্রিকেটের শুদ্ধতম ব্যাটসম্যানদের একজন। টেস্টে ৫২.৩১ গড়ে ১৩ হাজার ২৮৮ রান আর ওয়ানডেতে ৩৯.১৬ গড়ে ১০ হাজার ৮৮৯ রান তাঁকে ক্রিকেটের জীবন্ত কিংবদন্তিদের কাতারেই নিয়ে গেছে। এত কিছু পেয়েও মনের মধ্যে অপূর্ণতাটা চেপে রেখেছিলেন এত দিন। ‘সবাই সবকিছু পায় না’—মনোভাবটা তাঁর ছিল এমনই। কিন্তু বিধাতা এবার তাঁর অপূর্ণতাটা পূরণ করলেন। ২০১৬ সালে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে তাঁর কোচিংয়ে ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি ভারত, ওয়েস্ট ইন্ডিজের কাছে এক অভাবনীয় হারে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁর দলকে। কিন্তু এবার যেন ঝড়ের বেগেই কাজটা সারলেন। হাতে নিলেন জীবনের প্রথম ‘বিশ্বকাপ’, অনূর্ধ্ব-১৯ যুবাদের অভিভাবক ও গুরু হিসেবে।
দ্রাবিড় নিজেই বেছে নিয়েছেন যুবাদের দায়িত্ব। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁকে এর চেয়েও অনেক বড় দায়িত্ব দিতে চেয়েছিল। কিন্তু তাঁর নাকি উদীয়মানদের সঙ্গে কাজ করতেই ভালো লাগে—সে কারণেই নিয়েছেন অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলের দায়িত্ব। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎটা পুরোপুরিই তাঁর হাতে। এতে অবশ্য বিসিসিআই সন্তুষ্ট হতেই পারে—ভবিষ্যতের দায়িত্বটা দ্রাবিড় নিলে ভাবনার সুযোগই যে থাকে না।
দ্রাবিড় নিজে অবশ্য এত সব প্রশংসাবাক্যে কিছুটা ‘বিব্রত’। তাঁর মতে, নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের সাফল্যের সব কৃতিত্ব তাঁর দলের প্রতিটি খেলোয়াড় ও কোচিং সহকারীদের, ‘আমি সত্যিই গর্বিত দলের খেলোয়াড়েরা যেভাবে খেলেছে, তাতে। আমি কোনো নির্দিষ্ট নাম উল্লেখ না করেই বলতে চাই, এই সাফল্যে সবার কৃতিত্ব সমান। খেলোয়াড় থেকে শুরু করে কোচিং সহকারী—সবারই মিলিত প্রয়াসে এই সাফল্য।’
অনূর্ধ্ব-১৯ দলই যে শেষ কথা নয়, দ্রাবিড় তাঁর বিশ্বজয়ী দলের সদস্যদের সেটিই মনে করিয়ে দিয়েছেন, ‘তারা যেভাবে খেলেছে, তাতে আমি অনেক খুশি। আশা করছি, এই দারুণ স্মৃতিটা তাদের অনেক দিন মনে থাকবে। তবে এটিই সবকিছু নয়। বরং অনেক বড় বড় সাফল্যের শুরু। আশা করছি খেলোয়াড়েরা এটা মনে রাখবে।’