অবশেষে ধরা দিল স্বপ্নটা!

১৯৯৯ সালের ৩১ মে আপনি কী করছিলেন? ঘরকুনো আপনিও কি নেমে এসেছিলেন জনতার মিছিলে? আবেগে কেঁদে দিয়েছিলেন? মুখে হাসি, অথচ চোখে জল! এমনই এক অদ্ভুত মায়াবী অনুভূতির সামনে সেদিন দাঁড়িয়েছিল বাংলাদেশ।
নাকি আপনার জন্মই হয়নি? ষো-ল বছর! সেদিনের শিশুটি আজ সদ্য গোঁফ গজানো লাজুক কিংবা দুরন্ত তরুণ। মায়ের কোলের মেয়েটি আজ শাড়ি পরতে শিখে গেছে। সেদিনের চারা গাছটি আজ ডালপালা মেলে কী গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে।
প্রমত্ত পদ্মায় চর পড়েছে। বাংলাদেশের রাজনীতিতেই তিনবার ক্ষমতার পালাবদল হয়েছে। ধীরে ধীরে বিশ্বে মাথা তুলে দাঁড়াচ্ছে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের ছোট্ট দেশটি।
আমাদের ক্রিকেটীয় মানচিত্রেও কি কম পরিবর্তন এসেছে? সেদিন ১২ বছর বয়সী মাগুরার একটি ছোট্ট ছেলে আজ বিশ্বের সেরাদের একজন। আমরাও পারি এই আত্মবিশ্বাসটা সেই একজন থেকে ছড়িয়ে যাচ্ছে অনেকের মধ্যে। এই তো কদিন আগেই উদ্ধত অহংকারে বিশ্বমঞ্চেই পুরো বিশ্বকে বাংলাদেশ জানিয়ে দিল, আমরা আর ‘ছোট’ নই।
কিন্তু একটা ছবি পাল্টাচ্ছিল না। হব-হচ্ছে করেও হচ্ছিল না। কখনো দুই রানটাই বিশাল ব্যবধান হয়ে বুক ভেঙে দিয়েছে। কখনো ৩২৬-এর মতো বড় স্কোরটাও হয়ে যাচ্ছিল ছোট। বার বার মুঠো ফসকে বেরিয়ে যাওয়া স্বপ্নটা আজ বাংলাদেশ খপ করে মুঠোয় পুরে ফেলল। পোষ মানাতে বাধ্য করল।
পাকিস্তানের বিপক্ষে ৭৯ রানের জয় শুধু একটি জয় নয়। সেদিন নর্দাম্পটনের মাঠে সাকলায়েন মুশতাকের রান আউটের চূড়ান্ত সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ার জানানোর আগেই মাঠে মানুষের ঢল নেমেছিল। স্টাম্প-বেল সব উধাও। আজ চাইলেও মাঠে মানুষের ঢল নামার সুযোগ ছিল না। দর্শকেরা যে লোহার বেষ্টনী আড়ালে।
কিন্তু কী আশ্চর্য জানেন, আজ বেষ্টনী না থাকলেও হয়তো নর্দাম্পটনের মতো মাঠে সেভাবে জনস্রোত নেমে পড়ত না। শেষ উইকেট হিসেবে সাঈদ আজমল আউট হওয়ার পরও বাংলাদেশের খেলোয়াড়রা আহামরি তেমন উৎসবও করল না।
যেন এটা হওয়ারই ছিল। এই কথা তো সাকিব বলেছেন সেই কবে, ‘আমরাই ফেবারিট।’ এবার অন্য কিছু হবে, বলেছেন মাশরাফি-নাসিররা। ইতিহাসে প্রথমবারের মতো একই ইনিংসে জোড়া সেঞ্চুরি করে, নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ৩২৯ রানের ইনিংসটা গড়ে, পাকিস্তানকে ২৫০ রানে গুটিয়ে দিয়েও সাকিবরা আবেগটা পেশাদারির খোলসেই লুকিয়ে রাখলেন। এই বাংলাদেশ যেন অন্যরকম!
তামিমের ১৩৫ বলে ১৩২ আর মুশফিকের মাত্র ৭৭ বলে ১০৬, তৃতীয় উইকেটে দুজনের ১৭৮ রানের জুটিটাই এনে দিয়েছিল বড় পুঁজি। কিন্তু বাংলাদেশের আগের দলীয় সর্বোচ্চ ৩২৬ ছিল এই পাকিস্তানের বিপক্ষেই, এই মিরপুরেই। তা ছাড়া ১৬ বছর ধরে একটা গেরো খুলতে না পারার মানসিক বাধা তো ছিলই। পাকিস্তানের বিনা উইকেটে ৫৩ রান তুলে ফেলা, তৃতীয় উইকেটে আজহার আলী আর হারিস সোহেলের একটু একটু করে এগিয়ে নেওয়া ৮৯ রানের জুটিটা সেই চোখ রাঙানিই দিচ্ছিল। ২ উইকেটে পাকিস্তানের স্কোর যে ১৪৮!
কিন্তু সেখান থেকেই দুর্দান্তভাবে ম্যাচে ফিরে এল বাংলাদেশ। ৬৯ রানের ব্যবধানে তুলে নিল পাকিস্তানের চার উইকেট। এ ক্ষেত্রে বাহবা পাবেন তরুণ তাসকিন আহমেদ। চার উইকেটের দুটোই তাঁর। একটি আজহার আলীর, অন্যটি হারিস সোহেল। মিসবাহ জায়গায় আজহারকে অধিনায়ক করায় পাকিস্তানেই হাসাহাসি হচ্ছিল। এসে গেছে আরেক ‘টুকটুক’। মারকাটারি ক্রিকেটের এই যুগে বড্ড বেমানান স্ট্রাইক রেটের অধিকারী আজহার নতুন দায়িত্ব পেয়েই যেন নতুন করে নিজেকে চেনাচ্ছিলেন। ৭৩ বলে করলেন ৭২। মাত্র ১৮তম ওয়ানডে খেলতে নামা সোহেল ৬৪ বলে করলেন ৫১। ইনিংসের একমাত্র ছক্কাটিও তাঁর।
সেই ছক্কা হজম করেছেন যিনি, সেই আরাফাত সানিই আজ বল হাতে নায়ক। বিশ্বকাপে মাত্র এক ম্যাচে সুযোগ পাওয়া সানি তাসকিনের পাশাপাশি সেই চার উইকেটের দুটো ভাগ করে নিলেন। সেটাও এক ওভারেই। হুট করেই পাকিস্তান ৬ উইকেটে ২১৭!
এর মধ্যে টানা ছয় ওভার বাংলাদেশের বোলাররা করল অবিশ্বাস্য বোলিং। ৩১ থেকে ৩৬ ওভার -এই ৩৬ বলে দিল মাত্র ২০ রান, একটাও বাউন্ডারি হয়নি। রান রেটের চাপ গলার ফাঁস হয়ে বসল পাকিস্তানিদের ওপর। অভিষিক্ত মোহাম্মদ রিজওয়ান একা লড়াই করার চেষ্টা করলেন। ৫৮ বলে তাঁর ৬৭ রানের ইনিংসটাও দুশ্চিন্তার রেখা বাড়াল। কিন্তু এই বাংলাদেশ যে অন্য রকম। ওয়াহাব রিয়াজ ‘স্লেজিংয়ে’র চালে ওয়াটসনের বিপক্ষে জিতেছেন, আজ হারলেন রুবেলের কাছে। পুরো পাকিস্তানই অসহায়ভাবে আত্মসমর্পণ করল। চাপের মুখে বাংলাদেশের দুর্দান্ত ফিল্ডিং আর মাপা বোলিংয়ে। মাত্র ৩৩ রানে শেষ ৫ উইকেট নেই পাকিস্তানের!
শেষটা সাকিবই টানলেন। আজমলকে এলবিডব্লু করে। ঠিক যেন সাজিয়ে রাখা চিত্রনাট্য। বাংলাদেশের ক্রিকেটের শরীরী ভাষা বদলের দেওয়ার আসল কারিগরের হাতেই অবসান হলো পাকিস্তানের ১৬ বছরের ‘প্রতিরোধে’র!
স্টাম্প নিয়ে কাড়াকাড়ি, হুড়োহুড়ি তেমন হলো না। শুধু মুশফিক একটা স্টাম্প নিলেন। ম্যাচ সেরা ইনিংস খেলাটার একটা স্মারক তো দরকার। যেটা এত দিন পাকিস্তানের খেলোয়াড়রা করে এসেছে, সেই ভূমিকা এবার বাংলাদেশ নিল। আজমল-রাহাতদের পিঠ চাপড়ে সান্ত্বনা দিল-ভালো খেলছ! দিন বদলের শুরুটা হয়ে গেছে আগেই, সেটাই আরেক ধাপ এগিয়ে নিয়ে গেল বাংলাদেশ দল।
অনেক কিছুই বদলেছে। শুধু একটা ছবি হয়তো বদলায়নি। হয়তো ১৬ বছর আগে তারুণ্যে টগবগে যুবকটা, আজ যে চল্লিশ পেরিয়ে চালশে, অজানা সেই মানুষটা বাংলাদেশের কোনো এক কোণে ঠিক সেদিনের মতো আবেগ নিয়ে কেঁদে ফেললেন। অস্ফুট স্বরে বলে উঠলেন-অভিনন্দন বাংলাদেশ!