অবশেষে পিসিবি-শোয়েব 'শান্তি-চুক্তি'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অ্যাংরি বার্ড’ শোয়েব আকতার! ফাইল ছবি
‘অ্যাংরি বার্ড’ শোয়েব আকতার! ফাইল ছবি

শোয়েব আকতারের নামটা শুনলে চোখে ভেসে উঠে ইডেন গার্ডেনের সেই বলের কথা। মাত্রই রাহুল দ্রাবিড়ের লেগ স্টাম্প উপড়ে বোলিং মার্কে ফিরে গেছেন। উইকেটে নতুন ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। দর্শকের উল্লাসে কান পাতা যাচ্ছে না। শোয়েব শুরু করলেন তাঁর খ্যাপা দৌড়, ২২ গজের কাছে এসে ছুড়লেন লাল রঙের এক আগুনের গোলা। সঙ্গে সঙ্গে পুরা ইডেন স্তব্ধ, একটা পিন পড়লেও শোনা যেত তখন। শোয়েবের ইয়র্কারে যে ওড়ে গেছে টেন্ডুলকারের মিডল স্টাম্পও! ক্যারিয়ারের প্রথম গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ‘লিটল মাস্টার’।
ক্যারিয়ারজুড়েই আগ্রাসী ছিলেন। একটু খ্যাপা। অনেকটাই বিদ্রোহী। আগ্রাসী মনোভাব খেলার বাইরেও প্রকাশ পেত। যে কারণে বারবার খবরের শিরোনাম হয়েছেন। এবারও হলেন, এবার অবশ্য আর নতুন কিছু করেননি। বরং পুরোনো ঝামেলা সব মিটমাট করে নিয়েছেন। অনেক দিন ধরেই পিসিবির সঙ্গে তাঁর নেউলে সম্পর্ক। মামলা-মোকদ্দমা, হুমকি-ধমকিও কম হয়নি। পিসিবির হয়ে কখনো কোনো কাজও করেননি। কিন্তু এবার সব ঝামেলা মিটিয়ে নিয়েছে দুই পক্ষ।
পিসিবির এক মুখপাত্র জানালেন, পিসিবির নির্বাহী পর্ষদের সভাপতি নজাম শেঠির সঙ্গে গাদ্দাফি স্টেডিয়ামে গিয়ে দেখা করেছেন শোয়েব। মিটিংয়ে পিসিবির আরও কয়েকজন কর্মকর্তাও ছিলেন। দুই পক্ষই শান্তিপূর্ণ সমঝোতায় এসেছে বলেই শোনা যাচ্ছে।
পিসিবি ২০০৯ সালে শোয়েবের বার্ষিক আয় থেকে সত্তর লাখ রুপি জরিমানা করেছিল শৃঙ্খলাভঙ্গের কারণে। ২০০৭ বিশ্বকাপের আগে সতীর্থ মোহাম্মদ আসিফকে ব্যাট আক্রমণ করে ১৮ মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। সেই সঙ্গে এই বিশাল অঙ্কের জরিমানা। কিন্তু শোয়েব এই জরিমানার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। এই বছরের ফেব্রুয়ারিতে শোয়েবের পক্ষে রায় দেন বিচারপতি সামস মেহমুদ মির্জা।
এর পর থেকেই শোয়েব নানা মিডিয়ায় নিজের ক্ষোভের বাউন্সার ছুড়ে দিচ্ছিলেন পিসিবিকে তাক করে। তুলে ধরেছেন গত কয়েক বছরে বোর্ড তাঁর সঙ্গে কী কী ‘অন্যায়’ করেছে তার ​ফিরিস্তি। বোর্ড কর্তারাও পাল্টা তোপ দাগিয়েছেন। তবে শোয়েবকে এখন শান্ত করার চেষ্টাই করা হচ্ছে। নিকট ভবিষ্যতে তাঁকে পাকিস্তানের ক্রিকেট উন্নয়নে কাজও করতে দেখা যেতে পারে যেকোনো ভূমিকায়।
একটি সূত্র জানিয়েছে, জরিমানা হিসেবে কেটে রাখা ৭০ লাখের মধ্যে ৪০ লাখ রুপি ফেরত পেতে চলেছেন শোয়েব। সূত্র: পিটিআই।