অবশেষে ফিরলেন আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আমির
মোহাম্মদ আমির

পাকিস্তান দলের কন্ডিশনিং ক্যাম্পে মোহাম্মদ আমিরের ফেরা নিয়ে কম বিতর্ক হয়নি। দেশটির ক্রিকেট বলতে গেলে দুই ভাগে ভাগ হয়ে পড়েছিল আমির-বিতর্কে। শেষমেশ নিউজিল্যান্ড সফরের পাকিস্তান দলে ডাকই পেয়ে গেলেন ফিক্সিং কেলেঙ্কারির কারণে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আসা আমির।
ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই জায়গা হয়েছে তাঁর। পারফরম্যান্স দিয়েই প্রত্যাবর্তনের দাবি জোরালো করেছিলেন বাঁহাতি এই পেসার। তবে আমির হয়তো কৃতজ্ঞ থাকবেন বাংলাদেশের টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলের কাছে। তৃতীয় বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েই যে পাকিস্তান নির্বাচকদের মন কেড়েছেন।
এ মুহূর্তে আমিরের চেয়ে ভালো বোলার দেখছেন না পাকিস্তান দলের প্রধান নির্বাচক হারুন রশিদ, ‘নির্বাচক হিসেবে আমরা খেলোয়াড়ের সামর্থ্য, স্কিল, ফর্ম, ফিটনেস ও পারফরম্যান্স দেখি। নিউজিল্যান্ড সফরের আগে তার ক্ষেত্রেও এই বিষয়গুলো দেখেছি। গত পাঁচ বছরে যারা খেলেছে, তাদের মধ্যে এখনো সে সেরা।’
এর আগে প্রাথমিক দলে আমিরকে ডাকায় ক্যাম্প বর্জন করেছিলেন ওয়ানডে অধিনায়ক আজহার আলী ও মোহাম্মদ হাফিজ। পরে অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হস্তক্ষেপে দুজনই যোগ দেন ক্যাম্পে। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে শুরুর দিকে পথ হারিয়ে ফেলা আমিরের প্রতিভার মূল্য দিচ্ছে পিসিবি। দর্শকের ভালোবাসা অর্জন করে এবং বল হাতে সাফল্য নিয়েই এর প্রতিদান দিতে চান আমির।
অকল্যান্ডের ইডেন পার্কে ১৫ জানুয়ারি টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই নিউজিল্যান্ড সফর শুরু হচ্ছে পাকিস্তানের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৫ জানুয়ারি। এএফপি, ক্রিকইনফো।