অবশেষে ফুল হয়ে ফুটলেন কোহলি

তিনি নিজেও ব্যাপারটি নিয়ে উৎকণ্ঠায় কাটিয়েছে। সর্বশেষ ১২টি আন্তর্জাতিক ইনিংসে তাঁর পঞ্চাশের সংখ্যা মাত্র একটি! এটা কিছু হলো! কোহলিকে না তুলনা করা হয় শচীন টেন্ডুলকারের সঙ্গে। এত লম্বা কেন তাঁর ফর্মহীনতা? টেন্ডুলকারকে তো কোনো দিন ক্রিকেটপ্রেমীরা এমন দীর্ঘ খরায় দেখেননি!
এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটেই রান পাচ্ছিলেন না কোহলি। ওয়ানডেটা বেশি খেলা হয় বলেই কিনা, তাঁর ছোট ফরম্যাটের ফর্মহীনতাকে টেস্টের সঙ্গেও গুলিয়ে ফেলেছিল সবাই। টেস্টে কিন্তু মাঝখানে কেবল একটিই বাজে ইনিংস খেলেছেন তিনি। গত জুনে বাংলাদেশের বিপক্ষে জুবায়ের হোসেনের বলে ‘বোকা বনে’ ১৪ রানে বোল্ড হয়েছিলেন তিনি। কিন্তু তাঁর আগে অস্ট্রেলিয়ার মাটিতে বড় ফরম্যাটে তাঁর দাপট তো ছিল অন্যমাত্রারই।
যা-ই হোক ওয়ানডেতে যেহেতু ফর্মে ছিলেন না, তাই গলে আজকের সেঞ্চুরিটাকে ফর্মে ফেরার ইনিংস হিসেবে ধরে নেওয়া যেতেই পারে। গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে অ্যাডিলেডে সর্বশেষ তিন অঙ্ক ছুঁয়েছিলেন তিনি। ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে তিন অঙ্ক ছোঁয়ার ব্যাপারটি তাঁকে আজ অবশ্যই তৃপ্ত করার কথা।
কেবল কোহলির ‘গীত’ গেয়ে গেলে শিখর ধাওয়ানের ওপর বড্ড অবিচার করা হয়। ‘ব্যাক টু ব্যাক’ টেস্টে সেঞ্চুরির অনবদ্য তালিকায় তৃতীয় ভারতীয় হিসেবে লেখালেন তিনি সুনীল গাভাস্কার ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে। গত জুনেই বাংলাদেশের বিপক্ষে ভারতের আগের টেস্টেই ১৭৩ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন তিনি। গলে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি আউট হয়েছেন ১৩৪ রান করে।
শ্রীলঙ্কার ১৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দুটি উইকেট বেশ দ্রুতই হারিয়েছিল ভারত (লোকেশ রাহুল আর রোহিত শর্মা)। এর পরপরই বিরাট কোহলির সঙ্গে শিখর ধাওয়ানের দারুণ এক যুগলবন্দী। ভারতীয় ক্রিকেটের নতুন দিনের আবাহনী এই দুই ক্রিকেটার লঙ্কানদের বিপক্ষে গড়েছেন তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি। এই দুজন ২২৭ রান করে ভেঙে দিয়েছেন ২২ বছর আগে শচীন টেন্ডুলকার আর বিনোদ কাম্বলির ১৬২ রানের জুটি।
২২৭ রানের জুটিই শ্রীলঙ্কার চেয়ে আলাদা করে দিয়েছে ভারতকে। এনে দিয়েছে একশ’র কাছাকাছি লিডও। সেঞ্চুরি পূর্ণ করেই (১০৩) থারিন্দু কৌশলের বলে এলবি’র ফাঁদে পড়েন কোহলি। আজিঙ্কা রাহানে অবশ্য ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি। রানের খাতা খুলে কাজ বাড়াননি স্কোরারদেরও। শূন্য রানে তিনি এলবির শিকার হন ওই কৌশলের বলেই।
পুরো ইনিংসেই যথেষ্ট ধৈর্য আর স্থিরতার সঙ্গে লঙ্কান বোলারদের সামলাচ্ছেন ভারতীয় ব্যাটসম্যানরা। তাঁরা যে কতটা সাবধানী তাঁর নমুনা রানরেটই। তবে দ্বিতীয় দিনের সকালে এই ‘রেট’ ছিল যথেষ্ট কমই। দিনের শুরুতে ভারতের প্রথম বাউন্ডারিটি আসে ৭২ বল হয়ে যাওয়ার পর। সকালে ১৩ তম ওভারে এসে প্রথম চারটি মারেন ধাওয়ান।
ধাওয়ানকে ফিরিয়েছেন নুয়ান প্রদীপ। প্রদীপের বলে বোল্ড হয়েই নিভেছে ধাওয়ানের ব্যাটিংয়ের প্রদীপ। ভারতের সংগ্রহটা কিন্তু ইতিমধ্যেই তিনশ ছাড়িয়ে গেছে (এই প্রতিবেদন লেখার সময় ৩০২)। ১১৯ রানে এগিয়ে থাকাটা স্বস্তি দিলেও কোহলি-ধাওয়ান জুটির পর ভারতীয় ব্যাটিংয়ের ভঙ্গুর ব্যাপারটা অস্বস্তি তৈরি করতেই পারে। কোহলি, রাহানে, ধাওয়ান এবং সর্বশেষ অশ্বিন সাজঘরের পথ ধরেছেন যে মাত্র ৪৭ রানের ব্যবধানেই।
১১১ রানের বিনিময়ে থারিন্দু কৌশলের জোড়া উইকেটের পাশাপাশি দুই উইকেট পেয়েছেন নুয়ান প্রদীপও। একটি করে উইকেট তুলে নিয়েছেন ধাম্মিকা প্রসাদ আর অ্যাঞ্জেলো ম্যাথুস। ভারতীয় ব্যাটিং লাইনআপে এই মুহূর্তে ‘স্বীকৃত’ ব্যাটসম্যান বলতে টিকে আছেন ওই ঋদ্ধিমান সাহাই।