অবশেষে বৃত্ত পূরণের টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিককে আটকে রাখতে চাইছেন সৌম্য। হায়দরাবাদ টেস্টে অবশ্য বাংলাদেশের এই দুই ব্যাটসম্যানকেই আটকাতে চাইবেন ভারতের বোলাররা। কাল রাজীব গান্ধী স্টেডিয়ামের অনুশীলনে l এএফপি
মুশফিককে আটকে রাখতে চাইছেন সৌম্য। হায়দরাবাদ টেস্টে অবশ্য বাংলাদেশের এই দুই ব্যাটসম্যানকেই আটকাতে চাইবেন ভারতের বোলাররা। কাল রাজীব গান্ধী স্টেডিয়ামের অনুশীলনে l এএফপি

বাংলাদেশের ক্রিকেট সাংবাদিকদের লেখার প্রিয় একটি বিষয় অবশেষে শেষ হতে চলল। কাগজে লেখার চল অনেক দিনই উঠে গেছে। নইলে বলা যেত, ভারতে বাংলাদেশ কবে টেস্ট খেলবে—এ নিয়ে দিস্তা দিস্তা লেখা হয়েছে!
হোক না মাত্র একটি টেস্ট। অবশেষে ভারতে টেস্ট খেলা তো হচ্ছে! সেই ২০০১ সালে চালু ফিউচার ট্যুর প্রোগ্রাম, সংক্ষেপে যেটিকে বলে এফটিপি, সব দেশের বিপক্ষে সব দেশের হোম অ্যান্ড অ্যাওয়ে খেলাটা নিশ্চিত করেছিল। নিশ্চিত আর করতে পেরেছে কই! সব দেশে গিয়ে টেস্ট খেলেছে বাংলাদেশ, বাকি ছিল শুধু ভারত। আজ হায়দরাবাদে শুরু টেস্টটি তাই একধরনের বৃত্তপূরণ।
বৃত্তপূরণের কথা বললে ‘ওয়ান-অফ টেস্ট’টাই উপলক্ষটার সঙ্গে মানানসই। ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে ‘ওয়ান-অফ টেস্ট’ দিয়েই বাংলাদেশের টেস্ট ক্রিকেটে পা রাখা। প্রায় সোয়া ষোলো বছর পর আরেকটি ‘ওয়ান-অফ টেস্ট’ দিয়ে সব দেশে টেস্ট খেলার বৃত্ত পূরণ হচ্ছে বাংলাদেশের।
যেটিকে ‘ঐতিহাসিক’ বলতে আপত্তির কথা দেশে থাকতেই জানিয়ে এসেছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। তাঁর কাছে এটি নাকি আর দশটা টেস্টের মতোই। বিরাট কোহলি অবশ্য তাঁর সঙ্গে একমত নন। এই টেস্টটিকে শুধু দুই দল নয়, দুই দেশের জন্যও ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে মনে করেন ভারতীয় অধিনায়ক।
মুখে যা-ই বলুন, মনে মনে মুশফিকুর রহিমও হয়তো উপলক্ষটাকে ‘বিশেষ’ বলে মানছেন। সেটি না বলার একটাই যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে, ঐতিহাসিক-টাসিক বলে দলের ওপর অকারণ চাপ বাড়াতে চান না। কাল দুপুরে রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশের ক্রিকেটারদের দেখলে অবশ্য কারও মনে হতেই পারত, বাংলাদেশ এই টেস্টটাকে শুধু ‘ঐতিহাসিক’ নয়, তার চেয়েও বেশি কিছু ভাবছে! ওই দৃশ্যটা তো বিস্ময় জাগানোর মতোই। মুশফিকুর রহিমের পিছু পিছু বাকি সবাই একেবারে টেস্ট খেলার শ্বেতশুভ্র পোশাকে ড্রেসিংরুম থেকে বেরিয়ে মাঠ পেরিয়ে অন্য প্রান্তে অদৃশ্য হয়ে যাচ্ছেন। ঘটনা কী?
খোঁজখবর করে ঘটনা যা জানা গেল, তা অবশ্য খুবই রুটিন ব্যাপার। টেস্ট সম্প্রচারের সময় টেলিভিশনে খেলোয়াড়দের পরিচিতি দেখানো হবে। সেটিরই শুটিং হচ্ছে। এত বছরেও বাংলাদেশ যে ভারতে টেস্ট খেলার আমন্ত্রণ পায়নি, এটা বিরাট কোহলি নাকি মাত্রই কিছুদিন আগে জেনেছেন। বাংলাদেশের অভিষেক টেস্টের অংশ হওয়ার পর ভারতীয় দল আরও চারবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফরে গেছে। অথচ বাংলাদেশ যে ভারতে কোনো টেস্টই খেলেনি, এর দায়টা শুধু ভারতীয় বোর্ডের কাঁধে চাপালে অন্যায় হবে। একাধিক ভারতীয় বোর্ড কর্মকর্তার মুখে শুনেছি, বিসিবি ভারতে দল পাঠানোর চেয়ে ভারতকে আতিথ্য দিতেই বেশি আগ্রহী ছিল। তাতে যে কোষাগার বেশি স্ফীত হয়।
শেষ পর্যন্ত বাংলাদেশ এমন একটা সময়ে ভারতে টেস্ট খেলছে, যখন বিসিসিআইয়ের কোনো কর্মকর্তার দেখা পাওয়া প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে। লোধা কমিশনের রিপোর্ট আর সুপ্রিম কোর্টের রায় মিলিয়ে ভারতীয় ক্রিকেট এখন রীতিমতো টালমাটাল। বিসিসিআই চালাচ্ছে অন্তর্বর্তীকালীন কমিটি। এই টেস্টটি হায়দরাবাদেই হবে কি হবে না, এ নিয়েও ছিল ঘোর অনিশ্চয়তা। অভাবনীয় সব নাটক ঘটছে। দুদিন আগেই বিসিসিআইয়ের মিডিয়া ম্যানেজার পদত্যাগপত্র জমা দিতে বাধ্য হয়েছেন। অফিশিয়াল কারণ হিসেবে বলা হচ্ছে, সুপ্রিম কোর্টের রায়ে বহিষ্কৃত সভাপতি অনুরাগ ঠাকুর দিল্লিতে বিসিসিআইয়ের যে অফিস খুলেছিলেন, অন্তর্বর্তীকালীন কমিটি সেটি বন্ধ করে দেওয়ায় সেই অফিসে নিয়োগপ্রাপ্ত কর্মীদের আর প্রয়োজন নেই। আসল কারণ হিসেবে যেটি জানা যাচ্ছে, তা হলো মিডিয়া ম্যানেজার নিশান্ত অরোরা নাকি ড্রেসিংরুমের কথাবার্তা অনুরাগ ঠাকুরের কাছে নিয়মিত সরবরাহ করে যাচ্ছিলেন।
ক্রিকেটে একটা কথা খুবই চালু। একটা দল ততটাই ভালো, যতটা ভালো সে দেশের ক্রিকেট বোর্ড। এই কথাটাই এখানে খাটছে না। মাঠের বাইরে নিত্যনতুন নাটক হচ্ছে ঠিকই, কিন্তু সেটিকে একদমই পাত্তা না দিয়ে মাঠে ঠিকই ছুটে চলেছে ভারতের জয়রথ। আইসিসি র্যা ঙ্কিংয়ে টেস্ট ক্রিকেটের এক নম্বর দল ভারত। খেলছেও এক নম্বরের মতোই। কী করলে যে ওদের আটকানো যাবে, তা একটা রহস্য বটে। বেচারা অ্যালিস্টার কুক এই প্রশ্নের উত্তর খুঁজে না পাওয়ায় শেষ পর্যন্ত অধিনায়কত্বই ছেড়ে দিতে বাধ্য হলেন। পরপর দুই টেস্টে প্রথম ইনিংসে চার শ রান করেও ইনিংস ব্যবধানে হেরেছে কুকের ইংল্যান্ড। না, টেস্ট ক্রিকেট এমন কিছু আগে দেখেনি।
এমনও কখনো দেখেনি, আগের টেস্টে ট্রিপল সেঞ্চুরিয়ান পরের টেস্টে দলে জায়গা পাবেন কি না, এ নিয়েই সংশয়ে আছেন। অথচ এখানে কোহলির পাঁচ বোলার খেলানোর প্রিয় ফর্মুলা বজায় থাকলে করুন নায়ারকে আসলেই দর্শক হয়ে থাকতে হবে। ইংল্যান্ডের অ্যান্ডি স্যান্ডহামের শেষ টেস্টে ট্রিপল সেঞ্চুরি আছে। টেস্ট ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরি। তবে পরের টেস্টে তাঁর না খেলার ঘটনা করুন নায়ারের সঙ্গে তুলনীয় নয়। স্যান্ডহাম আর কখনো টেস্টই খেলেননি।
এমন একটা অভূতপূর্ব ঘটনার শিকার বাংলাদেশও। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে প্রথম ইনিংসে ৫৯৫ রান করেও হারতে হয়েছে। এখানে কী করলে ভারতীয় বুলডোজার রোখা যাবে, তা একটা প্রশ্ন বটে। মুশফিকুর রহিম কাল সংবাদ সম্মেলনে নানা কথার ভিড়ে একবার ম্যাচটা পঞ্চম দিনে নিয়ে যাওয়ার লক্ষ্যের কথা বলেই ফেললেন। জয়-পরাজয় ভুলে গিয়ে সেটিই কি তাহলে এখানে ‘ভালো খেলা’র নির্ণায়ক হয়ে থাকবে?
বাংলাদেশ দল সম্পর্কে একটা কথা অনেক পুরোনো। যখন সবচেয়ে কম আশা করা হয়, তখনই বাংলাদেশ ভালো খেলে। সমস্যা হলো, এখানে কী করলে সেটিকে ভালো খেলেছে বলা যাবে, সেটিই নিশ্চিত হওয়া যাচ্ছে না। ভারতকে হারিয়ে দেওয়া? আকাশকুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়। ড্র করা? সেটিও একই রকম কঠিন। এর আগে দেশের মাটিতেই ভারতের বিপক্ষে মাত্র দুটি টেস্টে ড্র করতে পেরেছে বাংলাদেশ। তবে সেই দুটি ড্রয়েই বড় ভূমিকা রেখেছিল বৃষ্টি। এখানে আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি-টৃষ্টি কিছু নেই। ভারতের ব্যাটিংয়ের নেতা বিরাট কোহলি, বোলিংয়ের রবিচন্দ্রন অশ্বিন। এই দুজনের মধ্যে কে সবচেয়ে বড় হুমকি—এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দুজনকে একই কাতারে রাখলেন মুশফিকুর রহিম। সঙ্গে এটাও বলে দিলেন, শুধু দুজন খেলোয়াড়ের ওপর ভর করেই ভারত এক নম্বর দল হয়নি, ওই দলে আরও অনেক ম্যাচ উইনার আছেন।
তাহলে কী আশা করবেন এই টেস্ট থেকে? ‘যা পাওয়া যায়, তা-ই লাভ’ ভেবে নির্ভার চিত্তে খেলা দেখাই ভালো!