অবশেষে ব্যবস্থা নিতে যাচ্ছে বিসিবি
ইংরেজি দৈনিক নিউ এজ-এর ক্রীড়া সাংবাদিক আতিফ আজমকে লাঞ্ছিত করার ঘটনায় নিরাপত্তা সমন্বয়ক মোহাম্মদ আলীর বিরুদ্ধে অবশেষে ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গতকাল সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে এক সভায় ওই সাবেক ক্রিকেটারকে নিরাপত্তার মতো স্পর্শকাতর দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি মৌখিকভাবে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস, ইসমাইল হায়দার মল্লিক ও বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। সভার আগে আলীর বিরুদ্ধে আগামী তিন দিনের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বোর্ড কর্তাদের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। গত ৪ অক্টোবর ইংল্যান্ড ও বিসিবি একাদশের মধ্যকার এক দিনের প্রস্তুতি ম্যাচের সময় আতিফ আজমকে শারীরিকভাবে নাজেহাল করেন বিসিবির নিরাপত্তা সমন্বয়ক।
একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ক্রীড়া সাংবাদিকদের মুখোমুখি হওয়া নানা সমস্যার প্রতিকার চেয়ে আরেকটি স্মারকলিপিও দেওয়া হয় বিসিবি কর্মকর্তাদের হাতে। দুটি স্মারকলিপিতেই দেশের অধিকাংশ গণমাধ্যমের ক্রীড়া সাংবাদিকদের স্বাক্ষর আছে।