অবশেষে ভারতে যাচ্ছে পাকিস্তান
কয়েক দিন ধরে যে নাটক চলছিল, অবশেষে সেটি শেষ হলো কাল। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তার ব্যাপারে লিখিত আশ্বাস না পেলে ভারতে আসবে না বলে জানিয়ে দিয়েছিল পাকিস্তান। পরে ম্যাচের ভেন্যু ধর্মশালা থেকে সরিয়ে কলকাতার ইডেন গার্ডেনে নিয়ে আসা হয়। তারপরও পাকিস্তান সরকার অনুমতি দিতে গড়িমসি করছিল। শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে বিশেষ নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়ার পরই আসার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আজকের মধ্যেই দুবাই থেকে কলকাতায় এসে পৌঁছানোর কথা আফ্রিদিদের।
কাল বিকেলে পিসিবির নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, ‘ভারত থেকে আমরা যে আশ্বাস চেয়েছিলাম, সেটা পেয়েছি। চৌধুরী নিসার (পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী) জানিয়েছেন, দল এখন ভারতে যেতে পারে।’
কদিন ধরে যে নাটক চলছিল, তাতে পাকিস্তানের না আসারই আশঙ্কা জেগেছিল। তবে ম্যাচ ইডেন গার্ডেনে স্থানান্তরিত হওয়ার পর ভারত একটু বেশিই আত্মবিশ্বাসী হয়ে পড়ে যে পাকিস্তানের পুরুষ ও মেয়েদের দল দুটি যেকোনো সময় চলে আসবে। সৌরভ গাঙ্গুলী নিজেই বলেছিলেন, শুক্রবার বিকেলেই পাকিস্তান চলে আসবে। তারা পাকিস্তানকে স্বাগত জানাতে প্রস্তুত। কিন্তু বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান জানিয়ে দেন, লিখিত আশ্বাস না পেলে ভারতে দল পাঠাবে না পাকিস্তান।
ওই বৃহস্পতিবারই বিসিসিআই মহাসচিব অনুরাগ ঠাকুর আবার খোঁচা মেরে বসেন পাকিস্তানকে। তাঁর দাবি, ভারতে না আসার জন্য খোঁড়া অজুহাত খুঁজছে পাকিস্তান। কাল আবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। পাকিস্তান দলকে সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে। বিশ্বকাপে অন্যদের যেমন দেওয়া হয়েছে, পাকিস্তানের ক্ষেত্রেও তার চেয়ে কম কিছু করা হবে না বলে জানান তিনি। কিন্তু তারপরও পাকিস্তান সরকার সময় নিচ্ছিল।
এরই মধ্যে ভারতের এনডিটিভি জানায়, কাল সকালে জরুরি বৈঠকে বসেছেন পাকিস্তান সরকারের নীতিনির্ধারকেরা। সৌদি আরব থেকে ফিরে বিকেলেই বৈঠকে যোগ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাকিস্তান আদৌ ভারত যাবে কি না, সেটা নির্ভর করছিল তাঁর সিদ্ধান্তের ওপরই। অবশেষে নওয়াজ শরিফের সবুজসংকেত পেয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যাচ্ছে পাকিস্তান। তবে গতকাল পশ্চিমবঙ্গের স্থানীয় দলের সঙ্গে শহীদ আফ্রিদিদের প্রস্তুতি ম্যাচটা আর হয়নি। ১৬ মার্চ প্রথম ম্যাচের আগে তাই একটাই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে পাকিস্তান, আগামীকাল ইডেন গার্ডেনে সেটি হবে শ্রীলঙ্কার সঙ্গে। ক্রিকইনফো, এনডিটিভি।