
এটাই বুঝি নিয়ম হয়ে গিয়েছিল। প্রতি ম্যাচেই এক বা একাধিক ভারতীয় ব্যাটসম্যান সেঞ্চুরি করবেন এবং ম্যাচটা হারবে ভারত। কাল সিডনিতে অস্ট্রেলিয়ার ৩৩০ তাড়া করতে নেমে মনীশ পান্ডে যখন সেঞ্চুরির কাছাকাছি, মনে হচ্ছিল আবার না একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি হয়!
শেষ পর্যন্ত সেটা হলো না। বিরাট কোহলি, রোহিত শর্মা আর শিখর ধাওয়ানরা যেটা পারেননি সেটাই করে দেখালেন পান্ডে। সেঞ্চুরি করলেন, জেতালেন দলকে। ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি করে ওয়ার্নার আর মিচেল মার্শের সেঞ্চুরি দুটিকে মূল্যহীন করে দিয়েছেন পান্ডে। ২ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে ধবলধোলাইও এড়িয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। পাঁচ ম্যাচের সিরিজটা অস্ট্রেলিয়া জিতেছে ৪-১ ব্যবধানে। এই নিয়ে ৪ বার দুটি সেঞ্চুরির পরও হারল অস্ট্রেলিয়া, ৩ বারই ভারতের বিপক্ষে!
দ্বিতীয় সন্তানের মুখ দেখে এসে গত ম্যাচেই মাঠে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার। মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি দিয়ে সদ্যোজাত সন্তানকে স্বাগত জানাতে পারেননি। সেই আক্ষেপটা কাল ঘুচিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরিতে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন মিচেল মার্শও। আর এই দুই সেঞ্চুরির কল্যাণেই একসময়ে ১১৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়া গড়ে তোলে ৩৩০ রানের পাহাড়, যেটি পাঁচ ম্যাচের সিরিজে তাদের চতুর্থ ৩০০ ছাড়ানো স্কোর।
রোহিত শর্মা আর শিখর ধাওয়ানের ১২৩ রানের উদ্বোধনী জুটি ভারতকেও দুর্দান্ত গতিতে ছুটিয়ে নিয়ে যাচ্ছিল লক্ষ্যের দিকে। ৫৬ বলে ৭৮ করে ধাওয়ান আউট হওয়ার পর কোহলিও ফিরে যান মাত্র ৮ রান করে। তবে ভারতকে চাপটা বুঝতেই দেননি পান্ডে, রোহিতের সঙ্গে তৃতীয় উইকেটে ৯৭ রানের জুটি গড়ে সেটি সামলে নেন দারুণভাবে। সেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকতে রোহিত আউট হয়ে গেলে আবার কিছুটা চাপে পড়ে ভারত। প্রচণ্ড চাপে থাকা অধিনায়ক ধোনি ক্রিজে আসেন তখনই। তবে তাঁর ব্যাটিং দেখেই বোঝা যাচ্ছিল কী কঠিন সময় পার করছেন। একটা সময় ৩৩ বলে ১৭ রান ছিল ভারত অধিনায়কের। তবে শেষ দিকে তাঁর এক চার ও এক ছক্কাই ভারতের চাপ হালকা করে দেয়। ধোনি ভারতকে জয়ের একেবারে দুয়ারে গিয়ে আউট হন ৪২ বলে ৩৪ রান করে। ভারতের ভাগ্য চলে যায় মনীশ পান্ডের হাতে।
৯৮ রানে অপরাজিত থাকা পান্ডে কিন্তু বিচলিত হননি। শেষ ওভারের তৃতীয় বলেই মিচেল মার্শকে বাউন্ডারি ছাড়া করে পেলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। পরের বলে ২ রান নিয়ে এনে দেন বহু-আরাধ্য জয়, যে জয় ধরে রেখেছে র্যাঙ্কিংয়ে ভারতের দ্বিতীয় স্থান। ক্রিকইনফো।
সংক্ষিপ্তস্কোর
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩৩০/৭ (ওয়ার্নার ১২২, মিচেল মার্শ ১০২*; বুমরা ২/৪০, ঈশান্ত ২/৬০)।
ভারত: ৪৯.৪ ওভারে ৩৩১/৪ (পান্ডে ১০৪*, রোহিত ৯৯, ধাওয়ান ৭৮; হ্যাস্টিংস ৩/৬১, মিচেল মার্শ ১/৭৭)।
ফল: ভারত ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মনীশ পান্ডে।
সিরিজ: অস্ট্রেলিয়া ৪-১ ব্যবধানে জয়ী।
ম্যান অব দ্য সিরিজ: রোহিত শর্মা।