অবশেষে ভারতের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভ স্মিথের অবিশ্বাস্য সেই ক্যাচ। যেটিতে ফিরে যেতে হয়েছে লোকেশ রাহুলকে l ক্রিকেট অস্ট্রেলিয়া
স্টিভ স্মিথের অবিশ্বাস্য সেই ক্যাচ। যেটিতে ফিরে যেতে হয়েছে লোকেশ রাহুলকে l ক্রিকেট অস্ট্রেলিয়া

এভাবে রং বদলায় বলেই না এর নাম টেস্ট ক্রিকেট!
দ্বিতীয় দিন শেষেই ভারতকে আর গোনায় ধরা হচ্ছিল না, তৃতীয় দিনের দুই সেশন পরেও সেটায় কোনো নড়চড় নেই। অস্ট্রেলিয়াকেই সম্ভাব্য জয়ী ভেবে নেওয়া হচ্ছিল তখন। মাত্র দুই ঘণ্টা; ব্যস, অতটুকু সময়েই মোড় ঘুরে গেল ম্যাচের। হঠাৎ করেই বেঙ্গালুরু টেস্টে চালকের আসনে স্বাগতিক দল। মাত্র ১২৬ রানে এগিয়ে থাকার পরও এমন বলা যাচ্ছে, কারণ ভারতের হাতে এখনো ৬ উইকেট।
চা-বিরতির সময়ও ভারতের ড্রেসিংরুমে ছিল অমাবস্যার অন্ধকার। রবীন্দ্র জাদেজাকে পাঁচে নামানোর ফাটকা বুমেরাং হয়ে ফিরেছে। জাদেজার আগেই এলবিডব্লু হয়ে ফিরেছেন বিরাট কোহলি। রিভিউ নেওয়ার পরও বাঁচতে পারেননি অধিনায়ক, টিভি আম্পায়ারও ব্যাটে না প্যাডে—বল প্রথমে কোথায় লেগেছে, সে প্রশ্নের উত্তর দিতে পারেননি। বোলার জশ হ্যাজলউড নিজেও যে দ্বিধান্বিত ছিলেন, ‘আমি প্রথমে কাঠের আওয়াজই শুনেছি। পরে উইকেটের পেছন থেকে আবেদন হলো, আম্পায়ারও আউট দিয়ে দিলেন।’
ওই জোড়া আঘাতে মাত্র ৩৫ রানে এগিয়ে বিরতিতে গিয়েছিল ভারত। সে দলটাই দিনের শেষে হাসতে পারছে প্রাণ খুলে। ৩৩ ওভার বল করেও চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানের রক্ষণে কোনো চিড় ধরাতে পারেনি অস্ট্রেলিয়া। উল্টো সিরিজ সর্বোচ্চ অপরাজিত ৯৩ রানের জুটিতে ম্যাচটাই প্রায় বের করে নিয়ে যাচ্ছেন দুজন। কৃতিত্বের বড় ভাগীদার অবশ্যই পূজারা। মাত্র ৪ রানে স্টিভ স্মিথের হাতে স্লিপে জীবন পাওয়া ইনিংসে অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে দিয়েছেন তিনিই।
কিছুক্ষণের মধ্যেই অবশ্য অবিশ্বাস্য এক ক্যাচ ধরে কঠিন সেই ক্যাচ ফেলার স্মৃতি ভুলিয়ে দিয়েছেন স্মিথ। স্লিপ থেকে ডান দিকে শূন্যে ঝাঁপিয়ে নেওয়া ওই ক্যাচে শেষ হয়েছে রাহুলের দুর্দান্ত ইনিংসটি। ওভাবে আউট হওয়ার দুঃখ থাকলেও দলের অবস্থা নিয়ে উচ্ছ্বসিত রাহুল, ‘প্রথম ইনিংসের চেয়ে উইকেট একটু সহজ ছিল আজ। এই মাঠে আমি যথেষ্ট ক্রিকেট খেলেছি। আমি জানি, ব্যাটিংয়ের জন্য তৃতীয় দিনটাই সবচেয়ে ভালো।’
নিজের মাঠ বলে দাবি করছেন, তাই তাঁর দেওয়া ভবিষ্যদ্বাণীটা পছন্দ হওয়ার কথা নয় অস্ট্রেলিয়ার, ‘চতুর্থ দিনে বল ওঠা-নামা করবে। ভালো একটা শুরুর পর ভালো একটা জুটি হওয়ায় খুবই খুশি। আশা করি, পূজারা-রাহানে আরও ১০০ রান এনে দেবে, তাহলে তো হয়েই গেল।’ স্টার স্পোর্টস।