অবশেষে মিসবাহর স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রেন্ডন টেলরের শট ঠেকিয়ে দিলেন আফ্রিদি। হাফ সেঞ্চুরি করেও জিম্বাবুয়েকে জেতাতে পারেননি টেলর l রয়টার্স
ব্রেন্ডন টেলরের শট ঠেকিয়ে দিলেন আফ্রিদি। হাফ সেঞ্চুরি করেও জিম্বাবুয়েকে জেতাতে পারেননি টেলর l রয়টার্স

আগের দুই ম্যাচের দুটিতেই হার। এদিকে মিয়াঁদাদ-আকরাম-শোয়েবরা একের পর এক সমালোচনার তির ছুড়ছেন, ওদিকে দেশে কুশপুতুল পোড়াচ্ছে সমর্থকেরা। সব মিলিয়ে আসলে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পাকিস্তানের। সেখান থেকে জিম্বাবুয়ের বিপক্ষে জয়টা তো মিসবাহ-উল-হকের দলের জন্য স্বস্তির হবেই। সেটা যতই কষ্টার্জিত জয় হোক। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়কের কণ্ঠেও সেই স্বস্তি, ‘এ ম্যাচটা আমাদের জন্য খুব বড় চ্যালেঞ্জ ছিল, আমাদের শেষ সুযোগ। বোঝাতে পারব না আমরা কতটা আনন্দিত, কারণ এ ম্যাচ হারলে আমরা টুর্নামেন্ট থেকে বিদায় নিতাম।’
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর সাবেক ক্রিকেটাররা সমালোচনার তিরে বিঁধেছেন তাঁদের। সাবেক পেসার শোয়েব আখতার তো তাঁকে ভীরু আর কাপুরুষ অধিনায়কও বলেছেন। জবাবটা কাল ব্যাট হাতেই দিয়েছেন মিসবাহ। ৪ রানে পাকিস্তানের ২ উইকেট পড়ে যাওয়ার পর দৃঢ় হাতে ধস সামলেছেন, খেলেছেন ১২১ বলে ৭৩ রানের অবিচল ইনিংস। পরে ওয়াহাব রিয়াজ ৪৬ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলে পাকিস্তানকে এনে দিয়েছেন লড়ার মতো রান। তার পরও প্রত্যাশার চেয়ে পাকিস্তান কিছু রান কম হয়েছে বলে মনে করেন মিসবাহ, ‘উইকেট ব্যাট করার জন্য মোটেও সহজ ছিল না। স্ট্রাইক বদল করাই কঠিন মনে হচ্ছিল আমাদের কাছে। আমি ভেবেছিলাম, ২৫০-২৬০ করলেই সেটা খুব চ্যালেঞ্জিং হবে। কারণ আমাদের দুর্দান্ত ৫ জন বোলার আছে। কিন্তু উইকেট হারানোয় আমরা ১৫-২০ রান কম করেছি।’
অবশ্য পরে বোলাররা অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন। ব্যাটের পর বল হাতেও জ্বলে উঠেছেন রিয়াজ। ৪৫ রানে ৪ উইকেট নেওয়া এই পাকিস্তানি অলরাউন্ডারের তোপের মুখে ২১৫ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ম্যাচসেরা রিয়াজ অবশ্য কৃতিত্ব দিয়েছেন দলের সবাইকে, ‘টিম ম্যানেজমেন্ট আমাকে নিয়ে কঠোর পরিশ্রম করেছে। তাদের আস্থা ছিল যে আমি বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও কিছু করতে পারি। তাদের ধন্যবাদ।’
পাকিস্তানকে ২৩৫ রানে আটকে রেখেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচ হারায় খুব হতাশ জিম্বাবুয়ে অধিনায়ক এলটন চিগুম্বুরা। তবে এই ম্যাচ থেকে পাওয়া শিক্ষাটা পরের দুটি ম্যাচে কাজে লাগাতে চান চিগুম্বুরা, ‘জেতার ভালো সুযোগ তৈরি করার পরও ম্যাচ হেরে যাওয়া খুবই হতাশার। আমাদের কেউ একটা সেঞ্চুরি করতে পারেনি, লম্বা ইনিংসও খেলতে পারেনি। এই জায়গাটায় আমাদের আরও উন্নতি করতে হবে।’ এএফপি।