অবশেষে শুধু জিম্বাবুয়ে সিরিজই
জল্পনা-কল্পনার অবসান হলো। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে সম্ভাব্য ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটি শেষ পর্যন্ত হচ্ছে না। হবে শুধুই জিম্বাবুয়ে সিরিজ। বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টির এই সিরিজ খেলতে জিম্বাবুয়ে দল বাংলাদেশে আসবে আগামী ২ নভেম্বর।
৭ নভেম্বর প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে, শেষ ১৫ নভেম্বর। সিরিজের সব ম্যাচই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তবে সিরিজ শুরুর আগে ৫ নভেম্বর জিম্বাবুয়ে দল একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে ফতুল্লায়।
জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটি প্রথমে ছিল আগামী জানুয়ারিতে। কিন্তু অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফর স্থগিত করায় ফাঁকা সময় কাজে লাগাতে বিসিবি সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টির অংশটি নভেম্বরে খেলার আগ্রহ প্রকাশ করে। জিম্বাবুয়ে ক্রিকেট তাতে ইতিবাচক সাড়া দেওয়ায় শেষ পর্যন্ত সেটাই হচ্ছে। টেস্ট সিরিজটি হওয়ার কথা জানুয়ারিতেই।
কাল সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচি ঘোষণার আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান কথা বলেছেন তাঁর ধানমন্ডির কর্মস্থলে। ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজটি না হওয়ার সম্ভাবনার কথা তখনই জানিয়েছেন তিনি, ‘ওয়েস্ট ইন্ডিজের জন্য আমরা অপেক্ষা করেছি। কিন্তু তারা নির্দিষ্ট কোনো তারিখ দিতে পারছে না।’