অবশেষে সাকিবের হাতে ব্যাট...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছে সাকিবের ফিরে আসার লড়াই। ছবি: প্রথম আলো
চলছে সাকিবের ফিরে আসার লড়াই। ছবি: প্রথম আলো
>
  •  ২৭ জানুয়ারি ঘরের মাঠে আঙুলে চোট পান সাকিব
  •  থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া গিয়ে চিকিৎসা করিয়েছেন
  • চোটের পর আজই প্রথমে ব্যাট হাতে নেমেছিলেন

শেষ কবে দেখা গিয়েছিল সাকিব আল হাসানের মুখে সপ্রাণ হাসি? মনে করাই দুষ্কর। ইনজুরির জন্য মাঠে না নামতে পারলে স্বাভাবিকভাবে কোনো খেলোয়াড়েরই বা মন ভালো থাকে! অবশেষে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাওয়া গেল হাসিখুশি সাকিবকে। প্রায় দেড় মাস পরে ইনজুরি থেকে ফিরে ব্যাট হাতে মাঠে নেমেছেন, একজন ক্রিকেটারের কাছে এর চেয়ে ভালো আর কী হতে পারে! খবরটা বাংলাদেশের জন্যও তো স্বস্তির।

মিরপুর মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচ বিরতিতে আজ প্রথমে মাঠে নেমে নক করেছেন। পরে ইনডোরে গিয়ে বোলিং মেশিনেও করেছেন ব্যাটিং। তবে এখনই প্রতিযোগিতামূলক ম্যাচে নামা হচ্ছে না সাকিবের। পুরোপুরি সুস্থ হতে তাঁর আরও ৭-১০ দিন সময় লাগবে। এর পরে তো ম্যাচ ফিটনেসের বিষয়টি থেকেই যাচ্ছে। সাকিবের বর্তমান অবস্থা সম্পর্কে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, ‘সাকিবের ব্যথা অনেকটাই সেরে গেছে। অগ্রগতি ইতিবাচক। এভাবে যদি চালিয়ে যেতে পারে, ৭ থেকে ১০ দিনের মধ্যে ওই সময়ের মধ্যেই খেলায় ফেরার প্রস্তুতি নিতে পারবে। তবে ম্যাচ ফিটনেসের জন্য আরও সময় নিতে হবে।’

গত ২৭ জানুয়ারি ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে আঙুলে চোট পান সাকিব। বাম হাতের কনিষ্ঠা আঙুলের গোড়ালি মচকে যায়। ফেটে যায় আঙুলের বেশ কিছুটা অংশ। চোট এতই গুরুতর হয়ে যায় যে প্রথমে ডাক্তার দেখাতে থাইল্যান্ডে যান। থাইল্যান্ড পর্ব শেষ করে ঢাকা ফিরে আবারও অস্ট্রেলিয়ায় যেতে হয়। সেখানে দেখিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেগ হয়কে।

বিশেষজ্ঞ এই চিকিৎসক শুধু একটি ইনজেকশন দিয়েই বলে দিয়েছেন নতুন করে অস্ত্রোপচার করা লাগছে না। এই সুখবরটা নিয়ে দুই দিন আগেই ঢাকা ফিরেছেন সাকিব। আর আজ তো ব্যাটই হাতে তুলে নিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।