অবসর আবার কী, পাল্টা প্রশ্ন মিসবাহর

‘কবে অবসর নেবেন?’ বয়স ৩৫ পেরোলে প্রশ্নটা ভনভনে শব্দ তোলে ক্রিকেটারদের কানের কাছে। সেখান থেকে বয়স যত বাড়ে, বাড়ে প্রশ্নটার গুঞ্জরণও। সেখানে মিসবাহ উল হকের ৪২ চলছে। প্রশ্নটা তাঁকেও শুনতে হয়, হচ্ছে। সেটাই স্বাভাবিক। তবে কারণটা ভিন্ন। মিসবাহ করে বিদায় নেবেন এই জানতে চাওয়া অন্তত পাকিস্তানের দিক দিয়ে একটা শঙ্কা, বুকের দুরুদুরু কাঁপন। এই বয়সে এখনো যে মিসবাহকে ছাড়া অচল পাকিস্তান!
গত জুলাইয়ে লর্ডসে যখন সেঞ্চুরি করলেন, মিসবাহর বয়স ৪২ পেরিয়ে গেছে। গত ৮২ বছরেই টেস্টে এত বয়সে কেউ সেঞ্চুরি করতে পারেনি। মিসবাহ হয়ে উঠেছেন এ কালের জ্যাক হবস। ৪০ বছর বয়স পেরিয়ে করেছেন ৫ সেঞ্চুরি। বয়সের সীমাটা ৩৯ ধরলে মিসবার সেঞ্চুরির সংখ্যা সাতটি! ৪৬ বছর ৮২ দিন বয়সে স্যার জ্যাক সেঞ্চুরি করেছিলেন। মিসবাহ খুব বেশি দূরে তো নেই। আর তো ‘মাত্র’ চার বছর লাগবে! তো মিসবাহ খেলবেন এত দিন?
সত্যি বলতে কি, মিসবাহ ‘অবসর’ ধারণাতেই বিশ্বাস করেন না। অবসর আবার কী! ঘোষণা-টোষণা দিয়ে আয়োজন করে অবসর তিনি নেবেন না বলে জানিয়ে দিলেন। সবচেয়ে বড় কথা, পিসিবিকে সুযোগই দেবেন না তাঁকে অপাঙ্ক্তেয় করে তোলার। বরং নিজের যখন মনে হবে দলে আর তাঁর প্রয়োজন নেই, নিজে থেকে সরে যাবেন।
সামনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। গত এপ্রিলে ইঙ্গিত দিয়েছিলেন, এই সিরিজই হতে পারে তাঁর শেষ। পাকিস্তানকে টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বরে তুলে আনা এই অধিনায়ক কি আসলেই আর থাকবেন না!
অস্ট্রেলিয়া সফরের আগে নিজের বিদায় নিয়ে সরাসরি কিছু বলেননি মিসবাহ, ‘আমি ক্যারিয়ারের এমন একটি জায়গায় আছি, যেখানে দাঁড়িয়ে কেবলই মনে হয়, দলকে আমি কী কী ফিরিয়ে দিতে পারি। আমি ভাবি, কিন্তু ভেবে কিছু পাই না। তবে আমার গোটা ভাবনা-চিন্তা আমার দলকে নিয়ে—দলটি আমাকে ছাড়া এগিয়ে যেতে পারবে কি না! আমি এটিও ভাবি একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে আমি দলকে নিজের পায়ে দাঁড়াতে কতটা সাহায্য করতে পারি।’
তবে মিসবাহ বিশ্বাস করেন পাকিস্তান দলে সেটা পারবে, ‘পাকিস্তানের এই দলটির খেলোয়াড়দের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার ক্ষমতা আছে। তাঁরা ভালো পারফর্মও করতে পারে। আমি ভাবি, এই সময়টাই হয়তো আমার সরে যাওয়ার সবচেয়ে উপযুক্ত সময়। কিন্তু বিদায়ের এই সিদ্ধান্তটা আমি নিজে নিতে চাই। আমি মনে করি এ ব্যাপারে পূর্ব ঘোষণার কিছু নেই। বিদায়ের জন্য কোনো সিরিজকে উপলক্ষ বানানোর দরকার আছে বলেও আমি মনে করি না। আমি বিদায়ের ঘোষণাটা কোনো বিদায়ী অনুষ্ঠান ছাড়া যেকোনো সময় দিয়ে দিতে পারি। আমি আমার অবসর পরিকল্পনাকে বড় কিছু বানাতে চাই না। এ নিয়ে ঢাকা-ঢোলও পেটাতে চাই না।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডই মিসবাহকে আরও কিছুদিন অধিনায়ক হিসেবে দেখতে চায়। আজহার আলীকে মিসবাহর উত্তরসূরি হিসেবে ভেবে রাখা হলেও বোর্ড আরও কিছুদিন সময় চাইছে। সরফরাজ আহমেদ, এমনকি ইমাদ ওয়াসিমকেও বিকল্প হিসেবে ভেবে রাখা হয়েছে বলে খবর। সঠিক উত্তরসূরি বেছে না নেওয়া পর্যন্ত মিসবাহকে চায় পাকিস্তান।
তবে মিসবাহও জানেন, পাকিস্তান বলেই পাশার দান ঘুরে যায়। সিরিজের শেষ টেস্টটা না খেললেও নিউজিল্যান্ডে ২-০তে হোয়াইটওয়াশ হওয়ার দায়িত্ব তাঁকেও নিতে হবে। সামনে আরও কঠিন পরীক্ষা। অস্ট্রেলিয়াতে ৫২ বছর টেস্ট সিরিজ জেতেনি পাকিস্তান। সর্বশেষ তিনটি সফরের প্রতিটি টেস্টেই হারতে হয়েছে দলকে। আর এই অস্ট্রেলিয়াও সাম্প্রতিক ব্যর্থতা ভুলিয়ে দিতে মরিয়া থাকবে। অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারানোর এটা সেরা সুযোগ পাকিস্তানের। কিন্তু আবার দল যদি বাজে কিছু করে ফেলে? শুরু হয়ে যাবে সমালোচনার চাবুক।
হয়তো এ কারণেই মিসবাহ আনুষ্ঠানিক কিছুই বলছেন না। সময়ই সব উত্তর বলে দেবে। আর সেই সময়ের অপেক্ষায় এই চিরতরুণ!