অবসর গুঞ্জনে মুখ খুললেন ডি ভিলিয়ার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাবেন এবি ডি ভিলিয়ার্স। ফাইল ছবি
আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাবেন এবি ডি ভিলিয়ার্স। ফাইল ছবি

যাঁর ব্যাটে ধারাবাহিকভাবে ছুটছে রানের ফোয়ারা, ২২ গজে যাঁর উপস্থিতি মানে প্রতিপক্ষ শিবিরে অবধারিতভাবে ভীতির সঞ্চার, সেই এবি ডি ভিলিয়ার্স কিনা আন্তর্জাতিক ক্রিকেট ছাড়বেন! গুঞ্জনটা পরে খানিকটা ‘সংশোধিত’ হয়ে এল। না, পুরো আন্তর্জাতিক ক্রিকেট নয়, ডি ভিলিয়ার্স শুধু নাকি টেস্ট ছাড়বেন। কিন্তু এই খবরটাও কি সত্যি? 

এ বছরেও ওয়ানডেতে এবির অনেক অর্জন। দ্রুততম সেঞ্চুরি, ১৫০-এর রেকর্ড তো আছেই। ২০ ওয়ানডেতে ৭৯.৫৩ গড়ে ১১৯৩ রান বলে দিচ্ছে কতটা সংহার রূপে আবির্ভূত হয়েছেন ৫০ ওভারের ক্রিকেটে। ভারত সিরিজে ‘আরও ভালো হতে পারত’ আক্ষেপ থাকলেও টেস্টেও পরিসংখ্যানও মন্দ নয়, ৬ টেস্টে ৫০.৫৫ গড়ে রান ৪৫৫। পত্রপত্রিকায় ডি ভিলিয়ার্সের অবসরের খবর দেখে তো রীতিমতো চটেছেন মরনে মরকেল। প্রোটিয়া ফাস্ট বোলার বললেন, ‘এটা শুধুই গল্প। সে এখনো দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে এবং রেকর্ড ভাঙতে চায়।’
কিন্তু তাতেও গুঞ্জন থামেনি। অগত্যা মুখ খুললেন ডি ভিলিয়ার্স নিজেই। অবসরের ভাবনা উড়িয়ে প্রোটিয়া বিস্ফোরক ব্যাটসম্যান জানালেন, চালিয়ে যাবেন সব ধরনের ক্রিকেট। অবসর নয়, এবি আসলে ভাবছেন নিজের ওপর চাপ কমানোর কথাই, ‘শুনেছি, চারদিকে অনেক গুঞ্জন উড়ছে। তবে সর্বশেষ দুই-তিন বছর ধরে নিজেকে সতেজ ও মাঝে মাঝে একটু বিশ্রাম নেওয়া কথাই ভাবছি। ক্রিকেট উপভোগ করাই আমার কাছে গুরুত্বপূর্ণ। সামনে এগোতে আমার সূচির দিকে তাকাতে হবে। সব ধরনের ক্রিকেট খেলা ঠিক হবে না।’
আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচিতে ডি ভিলিয়ার্স হাঁপিয়ে উঠেছেন, তা নয়। এখন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আয়োজন করা হচ্ছে প্রচুর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ-টুর্নামেন্ট। বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে স্বাভাবিকভাবেই সে সব টুর্নামেন্টে তাঁর ভীষণ চাহিদা। তবে ডি ভিলিয়ার্স চাচ্ছেন না ‘সব ধরনের ক্রিকেট’ খেলতে, ‘যদি আমি আইপিএলের সবগুলো ম্যাচ খেলি, মৌসুম শেষে ভীষণ ক্লান্ত হয়ে পড়ব। নিজেকে চনমনে ও খেলাটা উপভোগ করতে চাই, আমি আসলে এটাই বলেছি। নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে ভালোবাসি। ফলে কোনো পরিবর্তন নেই, খেলে যাব।’
ডি ভিলিয়ার্সের ভক্তরা এ খবরে আশ্বস্ত হতেই পারেন। তবে প্রতিপক্ষের জন্য দীর্ঘায়িত হচ্ছে ‘এবি-ভীতি’! সূত্র: স্কাই স্পোর্টস।