অবসর গুঞ্জনের ব্যাখ্যা দিলেন আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আমির। ফাইল ছবি
অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আমির। ফাইল ছবি

মোহাম্মদ আমির আবার অবসরের ঘোষণা দিলেন কবে? যেকোনো একটি সংস্করণ ছেড়ে দিতে পারেন—কদিন ধরে এমন গুঞ্জন পাকিস্তান ক্রিকেটে। অবশ্য বাঁহাতি ফাস্ট বোলার পরিষ্কার জানিয়ে দিলেন, এই মুহূর্তে কোনো সংস্করণ থেকে অবসর-টবসরের ভাবনা তাঁর মাথায় নেই।

স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন আমির। লম্বা বিরতিতে ফেরার পরও যে তাঁর ধার কমেনি, তিনি তা বুঝিয়েছেন। তাঁর দুর্দান্ত বোলিংয়ের অনুপম প্রদর্শনী ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল। আমিরের চোখ যখন সুদূরে, তখনই এমন গুঞ্জন।
আমির অবশ্য গুঞ্জনটা শুনে বেশ অবাক হয়েছেন, ‘জানি না এই গল্প কী করে রটল। আমি ফিট আছি, শরীর-স্বাস্থ্য ভালো। কোনো সংস্করণ ছাড়ার ইচ্ছেই আমার নেই। যেটা বলেছি, একজন ক্রিকেটার হিসেবে আপনার শরীরের যত্ন নিতে হবে। ফিটনেস লেভেলের দিকে খেয়াল রাখতে হবে। কেউ আমার কথার উল্টো ব্যাখ্যা করেছে। আমার উদ্ধৃতি ছেপেছে যে আমি টেস্ট ছাড়ছি। এটা কিছুতেই সত্য নয়। যত দিন ফিট আছি, সব সংস্করণেই খেলতে চাই।’
নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা শুধু কঠিনই ছিল না আমিরের, ভালোভাবে টিকে থাকার লড়াইও করতে হয়েছে। সেই চ্যালেঞ্জ উতরে যেতে কতটা কষ্ট করতে হয়েছে, ২৫ বছর বয়সী পাকিস্তানি পেসার সেটাই বললেন, ‘যখন নিষিদ্ধ ছিলাম, তখন বল ছুঁয়ে দেখিনি। তবে মানুষ চাইছিল ফিরেই তাক লাগিয়ে দিই। সেটা ভীষণ কঠিন কাজ ছিল। ফেরার পর সমালোচকেরা আমাকে নিয়ে নানা কথা লিখছিল। ১৮ মাস হয়ে গেছে ফিরেছি। মনে করি, যে কঠোর পরিশ্রম করেছি, সেটির ফল এখন পাচ্ছি। মানুষকে ধৈর্য ধরতে হবে। আমাকেও ধৈর্য ধরতে হবে।’ সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।