অবসর নিচ্ছেন না গেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস গেইল
ক্রিস গেইল

পিঠের চোট অনেক দিন ধরেই দুষ্টগ্রহের মতো পিছু লেগে আছে। এই বিশ্বকাপে সেটির সঙ্গে যোগ হয়েছে কুঁচকির চোট। সব মিলিয়ে আরব আমিরাতের সঙ্গে গ্রুপের ম্যাচে নামতে পারেননি। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচেও দেখা গেছে ক্রিস গেইল শতভাগ ফিট নন। বয়সটা ঠিক পক্ষে নেই, ৩৫ হয়ে গেছে। গেইল কি তা হলে প্যাডজোড়া তুলে রাখবেন? আর বিশ্বজুড়ে যেভাবে টি-টোয়েন্টি লিগে খেলে বেড়ান, তাতে গুঞ্জন আছে হয়তো অবসরই নিতে পারেন এই বিস্ফোরক ব্যাটসম্যান। তবে আপাতত সেই সম্ভাবনা দেখছেন না ওয়েস্ট ইন্ডিজ ওপেনার। খেলতে চান পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে, ‘অবশ্যই আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চাই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। চোট নিয়ে আমার যে উদ্বেগ নেই, তা নয়। আমি একটু সময় নেব, দেখা যাক কী হয়।’
চোটের ধকল সামলাতে বেছে বেছে টেস্ট সিরিজ খেলেন। এবারও সে রকম একটি উদাহরণ রাখছেন। পরের মাসে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজে যে খেলছেন না সেটি জানিয়ে দিলেন, ‘আমি আসলে টেস্ট সিরিজে থাকছি না। ওই সময়ের মধ্যে পিঠের চোট কাটিয়ে উঠতে পারব না। তবে আমি কিন্তু কোনো সংস্করণ থেকেই অবসর নিইনি। আমি নিজের শারীরিক অবস্থার হালনাগাদ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে নিয়মিত জানাচ্ছি।’ গেইল সর্বশেষ টেস্ট খেলেছেন ছয় মাস আগে, ব্রিজটাউনের সেই টেস্টে প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। এএফপি।