অবসর নিচ্ছেন নাথান ম্যাককালাম

নিউজিল্যান্ড অলরাউন্ডার নাথান ম্যাককালাম আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই মৌসুমের শেষেই তিনি তুলে রাখবে কিউই-জার্সি।
পারিবারিক কারণেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে হচ্ছে নাথানের। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার একজন ‘পারিবারিক মানুষ’ হিসেবে শুরু করতে চান নতুন জীবন, ‘আমি মনে করি এটাই আমার জীবনের পরবর্তী অংশটি নিয়ে ভাবার উপযুক্ত সময়। এই মৌসুম শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার উপযুক্ত সময় বলে আমি মনে করি।’
সম্প্রতি তাঁর নিজের জন্মস্থান ডানেডিন থেকে বান্ধবী ভানেসা ওয়ালড্রনের সঙ্গে গ্লেনডোউইতে বসবাস করা শুরু করেছেন নাথান। সেখানে ওয়ালড্রনের ছোট তিনটি সন্তানের সঙ্গে সময়টা ভালোই কাটছে তাঁর।
ক্রিকেট ছেড়ে পুরোপুরিই ‘ঘরের মানুষ’ হয়ে যেতে চান ম্যাককালাম। তিনি মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকলে তিনি পরিবারকে অনেক বেশি সময় দিতে পারবেন। তাঁর বান্ধবী ওয়ালড্রনেরও যোগ্য সঙ্গী হতে চান তিনি, ‘ওয়ালড্রন গত পাঁচটা বছর অনেক কষ্ট করেছে। আমি এখন তাঁর সঙ্গে আছি। ওকে বেশি বেশি সময় দিতে চাই। ওর কষ্ট কমাতে চাই। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর আমি বাচ্চাদের প্রতি সময় দিতে পারব। ওদের খাওয়া-দাওয়া পড়াশোনার প্রতি পূর্ণ মনোযোগ দিতে পারব।
নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের বড় ভাই নাথান ম্যাককালাম দেশের হয়ে খেলেছেন ৮৪টি ওয়ানডে আর ৬১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক। ছোট ভাইয়ের মতো খুব বড় তারকা তিনি হতে পারেননি। পারেননি নিউজিল্যান্ড টেস্ট দলের সদস্য হতে। কিন্তু একজন কার্যকর টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে তিনি বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে প্রয়োজনীয় এক খেলোয়াড় হিসেবেই বিবেচিত। খেলেছেন ইংলিশ কাউন্টি ল্যাঙ্কাশায়ার, গ্ল্যামরগন আইপিএল দল পুনে ওয়ারিয়র্স, বিগ ব্যাশে সিডনি সিক্সারসের হয়ে। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে তাঁর দল ওটাগো। সূত্র: জি নিউজ।