অবসর নিচ্ছেন শেবাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটের আন্তর্জাতিক মঞ্চে তাঁর পা পড়েনি অনেক দিন। সময়ের সঙ্গে পাল্লা দিয়েই কমছিল বীরেন্দর শেবাগের ভারতের জাতীয় দলে ফেরার সম্ভাবনাও। বিস্ফোরক এই ব্যাটসম্যানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা প্রায় শূন্যই হয়ে গেল কাল।

আড়াই বছরের বেশি সময় জাতীয় দলের বাইরে থাকার পর কাল শেবাগ ইঙ্গিত দিয়েছেন, শিগগিরই ঘোষণা দেবেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার। উদ্দেশ্য একটাই, অংশ নেবেন সংযুক্ত আরব আমিরাতভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাস্টার্স চ্যাম্পিয়নস লিগে (এমসিএল)। এমসিএলে অংশ নিতে হলে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর নেওয়া বাধ্যতামূলক। অবসরে যাওয়া বেশ কয়েকজন ক্রিকেট রথী-মহারথীকে নিয়ে আগামী জানুয়ারিতে দুবাইয়ে শুরু হবে এমসিএল।

কাল টুর্নামেন্টের ওয়েবসাইটের হোম পেজে আটটি জার্সির ছবি দেওয়া হয়েছে। যেগুলোর পেছনে বীরেন্দর শেবাগ, অ্যাডাম গিলক্রিস্ট, কুমার সাঙ্গাকারা, ব্রায়ান লারা, ওয়াসিম আকরাম, জ্যাক ক্যালিস ও মাহেলা জয়াবর্ধনের নাম লেখা। একটি জার্সিতে শুধু নামের পরিবর্তে প্রশ্নবোধক চিহ্ন আঁকা ছিল। তবে কোন কোন ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে এমসিএলে, তা এখনো জানা যায়নি।

আজ ৩৭তম জন্মদিন পালন করতে যাওয়া শেবাগ ভারতের ব্যাটিং মহিরুহদের ভিড়েও নিজেকে আলাদা করে চিনিয়েছেন। টেস্টে ভারতীয় ব্যাটসম্যানদের ট্রিপল সেঞ্চুরি মাত্র দুটি, দুটিই করেছেন শেবাগ। ওয়ানডে ক্রিকেটেও ডাবল সেঞ্চুরি আছে বিশ্বকাপজয়ী ক্রিকেটারের। ১০৪টি টেস্ট, ২৫১টি ওয়ানডে ও ১৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে ১৭ হাজারের বেশি রানের মালিক অন্য স্পিন বোলিংয়ে নিয়েছেন ১৩৬টি উইকেটও। ক্রিকইনফো, এনডিটিভি।