অবসর নিয়ে সিদ্ধান্তহীন আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ আফ্রিদি
শহীদ আফ্রিদি

চিত্রনাট্য একই, শুধু মঞ্চটিই একটু বদলেছে। আবারও অবসরের ঘোষণা দেওয়া, সময় ঘনিয়ে এলে ‘চাপের মুখে’ আবারও ফিরে আসা—শহীদ আফ্রিদির অবসর-নাটক তো কম দেখল না ক্রিকেট-বিশ্ব। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এসে আফ্রিদি জানালেন, অবসরের ‘চূড়ান্ত সিদ্ধান্ত’টি বদলাতেও পারেন তিনি।
২০১৫ বিশ্বকাপ শেষে শহীদ আফ্রিদি ঘোষণা দিয়েছিলেন, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপই শেষ, এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না তাঁকে। সেই মুহূর্ত চলে এল প্রায়, দুয়ারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বয়স হয়ে গেছে ৩৬, তাঁর সমসাময়িক অনেক ক্রিকেটারই বিদায় বলে ফেলেছেন বহু আগে। বিদায় বলার সময় এসে গেছে। মঞ্চও প্রস্তুত, বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিয়ে অবসরে যাওয়ার।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সমাপ্তি টানার আগে মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা উপহার পেয়েছেন শিরোপা। এবার আফ্রিদির সামনেও সেই সুযোগ। নিজের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্টে দলকে যদি আরেকটি বিশ্ব শিরোপা জয়ে নেতৃত্ব দিতে পারেন, সে তো হবে স্বপ্নের মতো সমাপ্তি!
তবে ক্রিকইনফোকে আফ্রিদি জানিয়েছেন, পরিবার ও বন্ধুবান্ধবের অনুরোধে এখন ভুগছেন সিদ্ধান্তহীনতায়, ‘বলছি না আমি অবসর নেব না। আমি শুধু এটাই বলছি, যেন অবসর না নিই, এ নিয়ে আমার ওপর অনেক চাপ। আমার পরিবার ও বড়দের ধারণা, আমার খেলা চালিয়ে যাওয়া উচিত, যেহেতু পাকিস্তানে ও রকম মেধাবী কোনো খেলোয়াড় উঠে আসছে না যার জায়গা আমি দখল করে রেখেছি।’
তবে নিজের অবসর নয়, আফ্রিদি আপাতত সব মনোযোগ রাখছেন টুর্নামেন্ট ও দলের ওপর, ‘এ নিয়ে আমার ওপর অনেক চাপ। কিন্তু আপাতত বিশ্বকাপেই চোখ রাখছি আমি। বিশ্বকাপে পাকিস্তান কী করে সেটা দেখতে চাই। আমার পারফরম্যান্স দলে অবদান রাখতে পারছে কি না সেটা দেখব। শারীরিকভাবে দুর্দান্ত অবস্থায় আছি, খেলতে কোনো সমস্যা নেই আমার। কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার আগে পরিষ্কার করে কিছু বলতে পারছি না।’ ক্রিকইনফো।