অবসর নয়, বিশ্রামে ডি ভিলিয়ার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবি ডি ভিলিয়ার্স
এবি ডি ভিলিয়ার্স

কনুইয়ের চোট থেকে সেরে উঠেছেন। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে মার্চে টেস্ট সিরিজে খেলবেন না এবি ডি ভিলিয়ার্স! আবার টেস্ট সিরিজের আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ঠিকই খেলতে চান। তাহলে কি টেস্ট ক্রিকেট ছেড়েই দিচ্ছেন ডি ভিলিয়ার্স? মোটেই না। দেশের হয়ে সাদা পোশাকে খেলতে চান আরও।
সব মিলিয়ে একটু গোলমেলে পরিস্থিতি বৈকি! চোট যদি না থাকে, যদি পুরো ফিট থাকেন, খেলবেন না কেন? ব্যাখ্যা করতে গিয়ে কাল জোহানেসবার্গে এক সংবাদ সম্মেলনে ডি ভিলিয়ার্স বলেছেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি। আমি এখনো তৈরি নই। মাথায় কিছু জিনিস আছে, যেগুলো গুছিয়ে আনার জন্য কিছুটা সময় লাগবে।’ এর আগে দক্ষিণ আফ্রিকান একটি রেডিওতে পরিষ্কার করে বলেছেন, ‘আমি কোনো সংস্করণ থেকেই অবসর নিচ্ছি না, এটা নিশ্চিত। অবসরের জন্য এখনো তৈরি নই।’
অবসরের ব্যাপারটা আলাদা করে ব্যাখ্যা করতে হয়েছে আরও একটা কারণে। কনুইয়ের চোটের কারণে প্রায় ছয় মাস মাঠের বাইরে। টানা তিনটি সিরিজ খেলতে পারেননি। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ফাফ ডু প্লেসি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে ডি ভিলিয়ার্স নিজেই সরে দাঁড়ালে পাকাপাকিভাবে দায়িত্ব পান ডু প্লেসি। তাঁকে ছাড়াও তিনটি সিরিজই জেতে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক হিসেবে ডু প্লেসি প্রশংসা পেয়েছেন, চার নম্বরে জেপি ডুমিনি ফর্মে আছেন। মিডল অর্ডারে বাকি থাকেন টেমবা বাভুমা। সর্বশেষ চার টেস্টে সর্বোচ্চ ইনিংস মাত্র ২১ রানের। কিন্তু দক্ষিণ আফ্রিকা দলে খেলা প্রথম কৃষ্ণাঙ্গ ব্যাটসম্যান নির্বাচকদের বাড়তি আনুকূল্য পাচ্ছেন। তাঁরা বলেই দিয়েছেন, বাভুমাকে আরও সুযোগ দেওয়া হবে। তাহলে দলে ডি ভিলিয়ার্সের জায়গা কোথায়? প্রশ্নটা অদ্ভুত শোনালেও সেটি কিন্তু উঠছে। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার কোচ রাসেল ডমিঙ্গোও বলে দেন, ডি ভিলিয়ার্স যদি আসলেই টেস্ট খেলতে চান, তাহলে নির্বাচকদের দ্রুত জানাতে হবে। এরপরই গুঞ্জন রটে যায়, হয়তো টেস্ট থেকে অবসর নিয়ে নিতে পারেন ডি ভিলিয়ার্স।
অবসর নিয়ে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তবে পরের মাসে ৩৩-এ পা দিতে যাওয়া ডি ভিলিয়ার্সের কাছে টেস্ট ক্রিকেট বোধ হয় এখন আর মূল লক্ষ্য নয়। ১০৬ টেস্টে ৫০.৪৬ গড়ে ৮০৭৪ রান করা এই ব্যাটসম্যানের কথায়ও সেই আভাস, ‘আমার মূল লক্ষ্য ২০১৯ বিশ্বকাপে খেলা। আমি ওটার জন্য সম্ভাব্য সবকিছু করব। আমি সব সময় চেয়েছি, দক্ষিণ আফ্রিকার যাতে কোনো ম্যাচ মিস না হয়। এখনো চাই। কিন্তু এখনকার যে সূচি, সব ম্যাচ খেলা আসলেই কঠিন।’
বোঝাই যাচ্ছে, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটাও সে কারণেই বাদ দিচ্ছেন। তবে নিজের ইচ্ছামতো এভাবে টেস্ট খেলার বা বিশ্রামের সুযোগ তিনি সব সময় পাবেন কি না, সেই সন্দেহ আছে। কাল তাঁর সিদ্ধান্ত জানার পরই যেমন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরগাত বলেছেন, ‘ছয় মাস আগেই আমরা এই পরিকল্পনা করে রেখেছি। এখন শুধু অপেক্ষা সে কখন শুরু করে, কখন ফেরে। কারণ একবার শুরু করার পর আর থামাথামি নেই, বিশ্রাম নেই। আপনি যদি খেলেন, তাহলে নিয়মিতই খেলতে হবে। খেলা না-খেলার পছন্দটা ওর নয়। আমরা এ নিয়ে ওর সঙ্গে আলোচনা করছি, করে যাব।’
ডি ভিলিয়ার্স কেন সময় নিচ্ছেন, সেটাও লরগাতের এই কথাতেই পরিষ্কার। রয়টার্স, ক্রিকইনফো।