অবসর ভেঙে ‘আফ্রিদি’ হওয়ার পরামর্শ রায়নাকে

আবার ভারতের জার্সি পরার ইচ্ছা জাগবে রায়নার?ছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


শহীদ আফ্রিদির নামের সামনে ‘সাবেক’ বিশেষণ বসাতে গেলেই চিন্তায় পড়ে যেতে হতো এক সময়। পাকিস্তানি অলরাউন্ডার কি সত্যি সত্যি অবসর নিয়েছেন? অবসর ভেঙে ফেরেননি তো? ক্রিকেটের তিন সংস্করণ সৃষ্টি হওয়ায় ঝামেলাও বেড়েছিল। কখনো অবসর নিচ্ছেন, আবার কখনো পাকিস্তান জাতীয় দলের প্রয়োজনের কথা বলে অবসর ভেঙে ফিরছেন। এ নিয়ে ক্রিকেট অঙ্গনে বেশ রসিকতা চলত এক সময়। তবে চল্লিশে পা রাখা আফ্রিদি অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসর নিয়ে সবাইকে স্বস্তি দিয়েছেন।

আফ্রিদি অবসর নিয়েছেন, এটা সত্যি। তাই বলে তাঁর দেওয়া শিক্ষা তো মিথ্যা হয়ে যাচ্ছে না। আর শিক্ষাটা হলো অবসর থেকে চাইলেই ফেরা যায়। সাবেক ভারতীয় ব্যাটসম্যান আফ্রিদির এ শিক্ষা থেকে শিক্ষা নিচ্ছেন। না, ২০০৪ সালে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলা চোপরা ফিরছেন না। আফ্রিদির কাছ থেকে শিক্ষা নিতে বলছেন সুরেশ রায়নাকে। মহেন্দ্র সিং ধোনিকে দেখে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া রায়নাকে বলছেন সিদ্ধান্ত বদলে ফিরে আসতে।

১৫ আগস্ট সবাইকে বিস্মিত করে অবসর নিয়েছিলেন ধোনি। এ চমকের মধ্যেই আচমকা হাজির হলেন রায়না। ধোনির সঙ্গে আইপিএলে চেন্নাই সুপার কিংসের অংশ হয়ে যাওয়া রায়নাও প্রিয় অধিনায়কের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু রায়নার এমন সিদ্ধান্তের কোনো হেতু পাচ্ছেন না চোপরা, ‘সুরেশ রায়না আরও বেশ কিছুদিন খেলতে পারত। ওর অবসর নেওয়ার দরকারই ছিল না। ওর বয়স এখন ৩৩ এখন। হ্যাঁ, চোট নিয়ে কিছু সমস্যা ছিল কিন্তু কার চোট নেই? সার্জারি করার পর এখন আগের চেয়ে অনেক বেশি ফিট, শক্তিশালী সে। আমার মতে ও নিশ্চয় মাঠে ফেরার জন্য অস্থির হয়ে আছে। ধোনির ব্যাপারটা বোঝা যায়। যদি এপ্রিল-মেতে আইপিএল হতো, তাহলে অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হতো এবং ধোনি হয়তো তাতে খেলার সুযোগ পেত। কিন্তু খেলা পিছিয়ে যাওয়াতেই ধোনি অবসর নিয়ে নিয়েছে।’

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আরও দুই আইপিএল খেলার সুযোগ পাবেন রায়না। সেখানে ভালো করলে নির্বাচকেরা জাতীয় দলের জন্য তাঁর কথা ভেবে দেখতেও পারেন। চোপরা তাই আফ্রিদিকে অনুসরণ করতে বলছেন রায়নাকে, ‘রায়নার তো কোনো সমস্যা নেই (ধোনির মতো)। আমি বলব শহীদ আফ্রিদির মতো কাজ কর এবং অবসর থেকে ফিরে আস। আমার ধারণা ২০২০ ও ২০২১ মৌসুমে আইপিএলে ভালো করলেই ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাবে।’
২০১৮ সালে ইংল্যান্ড সফরে সর্বশেষ ভারতের হয়ে খেলেছিলেন রায়না।