অবসর ভেঙে ফিরছেন গ্রায়েম স্মিথ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন স্মিথ? ছবি: এএফপি।
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন স্মিথ? ছবি: এএফপি।

অবসরজীবনটা মন্দ কাটছে না দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথের। নিজের মতো করে চলা, টেলিভিশন ধারাভাষ্য, টুকটাক এদিক-ওদিক গিয়ে ‘পিকনিক ক্রিকেট’—সব মিলিয়ে অবসরজীবনটা উপভোগই করছেন। কিন্তু ভারতের মাটিতে টেস্ট সিরিজে নিজ দেশের অসহায় আত্মসমর্পণ নতুন করে ভাবাচ্ছে তাঁকে। বয়স তো মাত্র ৩৪। কত কিছুই তো করছি, ক্রিকেটে ফিরে দেশেরই না হয় একটু উপকার করি!


স্মিথ ব্যাপারটা গুরুত্ব দিয়ে ভাবছেন কিনা, সেটা অবশ্য পরিষ্কার নয়। আরব আমিরাতে একটি মাস্টার্স চ্যাম্পিয়নস লিগে খেলতে এসে দক্ষিণ আফ্রিকার ভরাডুবি দেখেই ভাবনাটা চাউর তাঁর মধ্যে, ‘এই মাস্টার্স ক্রিকেট যে আমার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মঞ্চ হয়ে উঠবে না, সেটা কে বলতে পারে?’

মাস্টার্স চ্যাম্পিয়নস লিগের জন্য অনুশীলন চালিয়ে যাচ্ছেন। ব্যাটে-বলে নিজেকে ঝালিয়ে নেওয়ার পাশাপাশি চলছে কঠোর ফিটনেস অনুশীলনও। ফিটনেস প্রসঙ্গেই বললেন, ৩৩ বছর বয়সে অবসর নিলেও অনায়াসেই নাকি আর তিন-চার বছর আন্তর্জাতিক ক্রিকেটটা চালিয়ে যেতে পারতেন। তাঁর এমন মন্তব্য আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত কিনা সে প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘আপাতত মাস্টার্স ক্রিকেট নিয়েই ভাবছি। ভবিষ্যতের কথা ভবিষ্যতেই ভাবব।’

ভারত সফরে দক্ষিণ আফ্রিকার বাজে পারফরম্যান্স যে তাঁর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার তাড়নাটা তৈরি করছে, সেটাও বোঝা গেল স্মিথের কথায়, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরব কিনা, সেটা নিয়ে আমাকে প্রায়ই প্রশ্ন করা হয়। এমন প্রশ্ন ভাবনায় পরিবর্তন আনতে পারে। বিশেষ করে যখন আপনি দেখছেন আপনার সাবেক দলটি বাজে খেলছে এবং আপনার এখানে দলটিকে সাহায্য করার ক্ষমতা আছে।’

ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার ব্যর্থতার জন্য উইকেটের কাঁধে দায় চাপাতে চান না। তিনি মনে করেন মানসিক চাপে পড়েই প্রোটিয়াদের এই দুরবস্থা, ‘আমার মনে হয় দক্ষিণ আফ্রিকা দল উইকেট নিয়ে একটু বেশিই ভেবে ফেলেছিল। উইকেট কঠিন ছিল, সন্দেহ নেই। কিন্তু এই উইকেটেই তো দুটো দলই খেলেছে।’ সূত্র: দ্য ন্যাশনাল।