অবসর ভেঙ্গে ফিরছেন ক্লার্ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবার ক্রিকেটে ফিরছেন ক্লার্ক! ছবিঃ এএফপি।
আবার ক্রিকেটে ফিরছেন ক্লার্ক! ছবিঃ এএফপি।

তিনি ক্রিকেট ছেড়েছেন। কিন্তু ক্রিকেট কি আর এত সহজে ছাড়ে মাইকেল ক্লার্ককে! অবসর নেওয়ার মাস ছয়েকের মধ্যেই আবার রক্তে নাচন, ২২ গজে ফেরার ডাক। সেই ডাকে সাড়া দিয়েই ক্রিকেটে ফেরার সিদ্ধান্তও নিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নয়, ক্লার্ক ফিরছেন ঘরোয়া টি-টোয়েন্টিতে।


গত বছর অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জিতিয়েই ওয়ানডে থেকে অবসর নেন মাইকেল ক্লার্ক। পরে সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে বাজে পারফরম্যান্সের পর বিদায় বলে দেন টেস্ট ক্রিকেটকেও। কিন্তু প্রায় এক যুগ যে ক্রিকেটকে ধ্যান-জ্ঞান করে নিয়েছিলেন, সেটা থেকে চাইলেই কি আর দূরে থাকা যায়! কাল অস্ট্রেলিয়ান চ্যানেল নাইনের সঙ্গে সাক্ষাৎকারে ক্লার্ক তাই বলেছেন, ‘গত চার মাসে ক্রিকেট ছাড়া সময়টুকু আমি উপভোগ করেছি।
আমার শরীর ও মন দুটোই এই ব্যাপারটা উপভোগ করেছে। তবে পাশাপাশি আমি এই সময়ে বুঝতে পেরেছি ক্রিকেট আমার রক্তে। এটার বদলে আর কী করা যায়, আমি তাও খুঁজেছি এই কয়েক দিন।’

খুঁজতে গিয়েই বুঝতে পারলেন, আসলে তিনি ক্রিকেটকেই মিস করছেন। আর সে কারণেই তাঁর এই ফেরার সিদ্ধান্ত, ‘আমি শুধু জানি, আমি কখনোই কোনো কিছুকে চিরতরে বিদায় বলব না। আপাতত ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে শুরু করি, দেখা যাক এটা আমাকে কোথায় নিয়ে যায়।’

যদি ফেরাটা উপভোগ করেন তাহলে যে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতে দেখা যেতে পারে তাঁকে, সেটিও জানিয়ে রাখলেন ক্লার্ক, ‘টি-টোয়েন্টিতে আমার কিছু কাজ বাকি আছে। আর খেলার জন্য তো বিগ ব্যাশ আছে, আইপিএল আছে, আরও কত টি-টোয়েন্টি টুর্নামেন্ট।’ স্কাই স্পোর্টস।