অবসর সুখের হোক—‘শৈশবের প্রেরণা’ ডি ভিলিয়ার্সকে বাবর

পাকিস্তান অধিনায়ক বাবর আজমফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান দল নিয়ে এখন বাংলাদেশ সফরে আছেন বাবর আজম। কাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটের জয়ে শুভসূচনাও করেছে পাকিস্তান। অধিনায়ক হিসেবে বাবরের কালকের দিনটা ভালো গেলেও একটি খবরে নড়েচড়ে বসেছেন তিনি।

এবি ডি ভিলিয়ার্সের ক্রিকেট থেকে অবসর নেওয়ার খবরটা জেনেই নিজেকে আর ধরে রাখতে পারেননি বর্তমান বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটসম্যান।

১৭ বছরের ক্যারিয়ারের ইতি টেনে কাল সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ডি ভিলিয়ার্স। ৩৭ বছর বয়সী ক্রিকেটার সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ভেসে যাচ্ছে নানা রকম শুভেচ্ছা বার্তায়। বাবরও যোগ দিয়েছেন সে মিছিলে। ডি ভিলিয়ার্স তাঁর কাছে ‘শৈশবের প্রেরণা’।

খুব স্বাভাবিকভাবেই তাঁর অবসর ঘোষণা দাগ কেটেছে পাকিস্তান অধিনায়কের মনে। নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে ডি ভিলিয়ার্সকে স্মরণ করে একটি টুইট করেন বাবর।

দক্ষিণ আফ্রিকার সাবেক এ ব্যাটসম্যানের সঙ্গে প্রথমবার সাক্ষাৎয়ের মুহূর্ত স্মরণ করে বাবর টুইট করেন, ‘আপনি আমাদের শৈশবের প্রেরণা। আপনার অনন্যসাধারণ খেলা থেকে প্রতিনিয়ত শেখার চেষ্টা করেছি। প্রথমবার আপনার সঙ্গে সাক্ষাতের মুহূর্তটা মনে আছে। দুহাত বাড়িয়ে অভ্যর্থনা জানিয়েছিলেন। আপনি ক্রিকেটে অনেক প্রজন্মের প্রেরণা। আপনার সেরাটা কামনা করি এবং অবসর সুখের হোক।’

শেরেবাংলা স্টেডিয়ামে কাল সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৪ উইকেটে হারায় পাকিস্তান। আগে ব্যাট করে ৭ উইকেটে ১২৭ রান তুলেছিল বাংলাদেশ। তাড়া করতে নেমে তাসকিন আহমেদের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন বাবর। ব্যাটে খেলতে গিয়ে বল টেনে আনেন স্টাম্পে।

১০ বলে ৭ রান করেন তিনি। তবে জয়ের পর মিডল অর্ডারকে কৃতিত্ব দিয়ে বাবর বলেন, ‘ফখর, খুশদিল, নওয়াজ যেভাবে শেষ করেছে তাতে মিডল অর্ডারের প্রশংসা প্রাপ্য। আমরা আরও কম রানে ওদের বেঁধে ফেলতে পারতাম। কিন্তু ১৫-২০ রান বেশি দিয়ে ফেলেছি।’

বাবরকে আউট করে সতীর্থদের সঙ্গে উল্লাস তাসকিনের। কাল প্রথম টি–টোয়েন্টি ম্যাচে
ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই অসাধারণ ব্যাটসম্যান ছিলেন ডি ভিলিয়ার্স। ১১৮ টেস্ট ও ২২৮টি ওয়ানডেতে ব্যাটিং গড় ৫০ এর ওপরে। টি-টোয়েন্টিতে বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি খুব জনপ্রিয়। উইকেটের চারপাশে শট খেলতে পারায় নাম কুড়োন ‘মিঃ ৩৬০ ডিগ্রি’। এর আগে ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন ডি ভিলিয়ার্স। এখন সব ধরনের ক্রিকেটই ছাড়লেন।