অবসরে বাধ্য করা হয়েছিল চন্দরপলকে!
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। শিবনারায়ণ চন্দরপলের ‘ওয়েস্ট ইন্ডিজ-অধ্যায়’ এখন শুধুই অতীত। কিন্তু তাঁর অবসরকে ঘিরে তৈরি হওয়া বিতর্কটা যেন শেষই হচ্ছে না। ব্রায়ান লারা সোচ্চার হওয়ায় অবশেষে চন্দরপলকে আনুষ্ঠানিক একটা সংবর্ধনা দিতে রাজি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি)। এরই মধ্যে বোমা ফাটালেন চন্দরপল নিজে। ডব্লুআইসিবি তাঁকে অবসর নিতে বাধ্য করেছে বলে দাবি করেছেন ২২ বছর ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলা ব্যাটসম্যান।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিদায়ী একটা টেস্ট না খেলতে পারার আক্ষেপ যে রয়েই যাবে, সেটি স্পষ্ট ১১ হাজার ৮৬৭ টেস্ট রানের মালিকের কথায়, ‘আমি বিদায় বলার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে একটা টেস্ট খেলতে চেয়েছিলাম। কিন্তু সুযোগ পাইনি। এ বিষয়ে আমার কিছুই করার ছিল না। এখন সেটা পেছনে ফেলে এগিয়ে যেতে চাই।’
আর সুযোগ পাবেন না বুঝেই সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট মাস্টার্স চ্যাম্পিয়নস লিগে (এমসিএল) খেলার সিদ্ধান্ত নেন চন্দরপল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নাকি তখন তাঁকে শর্ত দেয়, ২৩ জানুয়ারির মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেই তাঁকে তাকে অনাপত্তিপত্র দেওয়া হবে। বাধ্য হয়েই তাই ওই তারিখে অবসরের ঘোষণা দেন চন্দরপল, ‘অবসর নেওয়ার পর আমি ডব্লুআইসিবি থেকে অনাপত্তিপত্র পেলাম। এত দিন ধরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার পর আমি আরেকটু ভালো আচরণ তো প্রত্যাশা করতেই পারি।’
ডব্লুআইসিবি অবশ্য কাল পাল্টা এক বিবৃতিতে দাবি করেছে, তারা এমন কোনো শর্ত দেয়নি, ‘এমসিএল একটা আইসিসি-স্বীকৃত টুর্নামেন্ট, যেখানে পরিষ্কার বলা আছে, শুধু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্রিকেটাররাই সেখানে খেলার যোগ্য।’ যেটাই হোক, চন্দরপল মনে করেন এমন আচরণের মাধ্যমে ডব্লুআইসিবি ভবিষ্যৎ খেলোয়াড়দের জন্যও একটা বাজে উদাহরণ তৈরি করল, ‘আমার মতো একজনের সঙ্গে যদি এই আচরণ করা হয়, তাহলে তরুণ প্রজন্মের খেলোয়াড়দের সঙ্গে কী আচরণ হবে ভেবে দেখুন। স্কুলের বাচ্চাদের সঙ্গে যা করা হয়, আমার সঙ্গে তা-ই করা হয়েছে। এর পর কি কেউ দেশের হয়ে খেলার উৎসাহ পাবে?’ তথ্যসূত্র: ক্রিকইনফো।