অবসরে যাচ্ছেন না ম্যাককালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রেন্ডন ম্যাককালাম
ব্রেন্ডন ম্যাককালাম

টানা ক্রিকেটের ধকল তো আছেই। সঙ্গে অনেক দিন ধরে ভোগাচ্ছে পিঠের চোটটাও। দুইয়ে মিলে একটা গুঞ্জন তৈরি হয়েছিল, হয়তো ক্রিকেটকে বিদায় বলে দিতে পারেন ব্রেন্ডন ম্যাককালাম। আপাতত গুঞ্জনটা গুঞ্জন বলেই উড়িয়ে দিতে হচ্ছে। কারণ কাল নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, দলটির অধিনায়ক দেশের হয়ে অন্তত আগামী বছরের মার্চে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলবেন। তবে টানা ক্রিকেটের ধকল সামলাতেই আগস্টে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হবে ৩৩ বছর বয়সী কিউই অধিনায়ককে। নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে ম্যাককালাম আগামী এক বছরের জন্য চুক্তিও নবায়ন করেছেন।
ম্যাককালামের নেতৃত্বেই সর্বশেষ বিশ্বকাপে রানার্সআপ হয়েছে নিউজিল্যান্ড। তবে সামনের দিনগুলোতে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলেই মনে করেন কিউই অধিনায়ক, ‘দলের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। ১৮ মাস ধরে আমরা দারুণ ক্রিকেট খেলছি। তরুণদের নিয়ে গড়া দলটাও দারুণ ছন্দে আছে। সামনের দিনগুলোতে আমাদের বড় কয়েকটি সিরিজ খেলতে হবে। এ জন্য নিজেদের প্রস্তুত করাই আসল চ্যালেঞ্জ।’ রয়টার্স।