অবসরের আগে ইউনিসের চাওয়া

পনেরো বছর ধরে পাকিস্তান দলটির ব্যাটিংয়ের স্তম্ভ তিনি। সমসাময়িক খেলোয়াড়েরা অবসর নিয়েছেন অনেক দিন হলো। কিন্তু ইউনিস খান এখনো ক্লান্তিহীন খেলে যাচ্ছেন, ইচ্ছা আছে তাঁর আরও চালিয়ে যাওয়ার। অন্তত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ না জেতা পর্যন্ত অবসরের কোনো পরিকল্পনা নেই বলেই জানিয়ে দিলেন সাবেক অধিনায়ক।
টেস্টে এ দুটি দলের বিপক্ষে বিদেশের মাটিতে পাকিস্তানের রেকর্ড যাচ্ছেতাই। ইংল্যান্ডে পাকিস্তানের সর্বশেষ সিরিজ জয় প্রায় দুই দশক আগে। অস্ট্রেলিয়ার মাটিতে তো কখনোই সিরিজ জিততে পারেনি পাকিস্তান। ইউনিসের নিজেরও অস্ট্রেলিয়ার মাটিতে পারফরম্যান্স ঠিক ‘ইউনিসসুলভ’ নয়। টেস্টে ৩০ সেঞ্চুরির মালিক এই পাঠানের অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি নেই একটিও।
চলতি শ্রীলঙ্কা সফরেই ক্যারিয়ারের শত টেস্টের মাইলফলক ছুঁয়েছেন ইউনিস। তাঁর আগে পাকিস্তানিদের মধ্যে এ কীর্তি ছিল শুধু জাভেদ মিয়াঁদাদ, সেলিম মালিক, ওয়াসিম আকরাম ও ইনজামাম-উল-হকের। গত বুধবার মাইলফলক টেস্টের উদ্যাপনী অনুষ্ঠানেই ব্যাট-প্যাড তুলে রাখার আগে আপাত-অসম্ভব লক্ষ্যটি জানিয়েছেন ইউনিস, ‘আমি আমার মতো খেলা চালিয়ে যাব। আমি চাই যেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাটিতে পাকিস্তান সিরিজ জেতে এবং তাতে আমি অবদান রাখতে পারি।’
দলের পাশাপাশি ব্যক্তিগত লক্ষ্যও আছে পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা এ ব্যাটসম্যানের, ‘ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে জয় পাকিস্তানকে সেরা দলগুলোর কাতারে নিয়ে যাবে। অস্ট্রেলিয়ার মাটিতে আমার কোনো সেঞ্চুরি নেই। অবসরের আগে সেটাও করে ফেলতে চাই।’
বয়স হয়ে গেছে ৩৭। কিন্তু ইউনিসের ব্যাট এখনো যেন আগের মতোই ধারাল। শ্রীলঙ্কার সঙ্গেই সিরিজ নির্ধারণী শেষ টেস্টটাই দেখুন। দ্বিতীয় ইনিংসে তাঁর অপরাজিত ১৭১ রানের ইনিংসটিই নিশ্চিত করেছে শ্রীলঙ্কার মাটিতে ২০০৬ সালের পর পাকিস্তানের সিরিজ জয়। গত ১৫ ইনিংসে পাঁচ সেঞ্চুরি—এ বয়সেও আশ্চর্য ধারাবাহিক ইউনিস! পাকিস্তানের হয়ে টেস্টে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় জাভেদ মিয়াঁদাদের পরের নামটিই তাঁর। ‘বড়ে মিয়াঁ’কে টপকে যেতে দরকার আর মাত্রই ১৯ রান। পাকিস্তানের এ ব্যাটিং কিংবদন্তির পাশে নাম লেখানোর সম্ভাবনায় উচ্ছ্বসিত তিনি নিজেও, ‘মিয়াঁদাদের মতো খেলোয়াড়কে টপকে যাওয়া অনেক সম্মানের। এটা সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার ব্যাপার নয় বরং এমন একজন খেলোয়াড়ের সঙ্গে নিজেকে তুলনায় নিয়ে আসা যাঁকে আমি শৈশব থেকে আদর্শ মেনে এসেছি।’
ক্যারিয়ারজুড়ে পেশাদারি ও পারিবারিক অনেক বাধার মুখে পড়েছেন। সেসব উতরেও গেছেন নিজের দুর্দমনীয় মানসিকতার বলে। তাঁর সর্বোচ্চ ইনিংসের প্রায় সবগুলোই এসেছে দলের সবচেয়ে সঙ্গিন অবস্থায়। ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে ডাবল সেঞ্চুরি বা শ্রীলঙ্কার বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করেছেন দলের কঠিন সময়ে। অধিনায়ক হিসেবে পাকিস্তানকে ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন দেশের ক্রিকেটের সবচেয়ে অন্ধকার সময়ে, লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পরে। তখন পাকিস্তানের ক্রিকেটই পড়ে গিয়েছিল অস্তিত্বের সংকটে। পারিবারিকভাবেও বিভিন্ন সময়ে দুর্ঘটনায় হারিয়েছেন বাবা, দুই ভাই, বোন আর ভাইপোকে। ডানহাতি এই পাঠান সবকিছু পাথরচাপা দিয়েই দেশের ডাকে ব্যাট হাতে বুক চিতিয়ে লড়ে গেছেন বারবার।
দেখা যাক, অবসরের আগে পাকিস্তানকে অধরা সাফল্য তিনি এনে দিতে পারেন কি না! লর্ডসের হিমেল কন্ডিশনে বা ওয়াকার গতিময় পিচে যে ব্যাটিংয়ের কৌশলের চেয়ে তাঁর এই হার না-মানা মানসিকতাই অনুপ্রাণিত করবে তরুণ পাকিস্তান দলটিকে। এএফপি, ক্রিকইনফো।