অবসরের ইঙ্গিত মিসবাহর

মিসবাহ-উল-হক অবসর নিচ্ছেন—এমন কথা প্রায়ই বাতাসে ভাসে। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর থেকেই শুরু হয়েছে মিসবাহর অবসর নিয়ে জল্পনা-কল্পনা। তবে অস্ট্রেলিয়া সফরের পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার কথা ছিল পাকিস্তানের টেস্ট অধিনায়কের। পাকিস্তান বোর্ড সভাপতি শাহরিয়ার খান অবশ্য অন্তত আরও এক বছর মিসবাহকে খেলে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। তাঁর বিকল্প যে নেই পাকিস্তানে। কিন্তু অস্ট্রেলিয়ায় দুই ম্যাচেই হার ও নিজের ব্যাটিং ব্যর্থতায় সিরিজ শেষ হওয়ার আগেই অবসরের কথা ভাবছেন পাকিস্তান অধিনায়ক, ‘আমাকে এ নিয়ে ভাবতে হবে। আমি সব সময় বিশ্বাস করি, দলে অবদান না রাখতে পারলে এভাবে পড়ে থাকার কোনো দরকার নেই। পরের ম্যাচের (সিডনি টেস্ট) আগেই। আগামী দুই দিন আমি এ নিয়ে ভাবব, তারপর সিদ্ধান্ত নেব। সিডনির ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিইনি, দেখা যাক।’ ৩ জানুয়ারিতে শুরু সিডনি টেস্ট। ক্রিকইনফো।