অবসরের প্রশ্নে মেজাজ হারালেন ধোনি

ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্যারিয়ারের দিকে মনোযোগ দিতে ২০১৪ সালের ডিসেম্বরে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন। গত টি-টোয়েন্টি সিরিজের আগে সেই রঙিন পোশাকেও মহেন্দ্র সিং ধোনির জাদু বড্ড ফিকে হয়ে আসছিল। সেই সঙ্গে ধোনির বয়সটাও যেন চোখে বিঁধছিল। বেশ কিছুদিন ধরেই ধোনির সংবাদ সম্মেলনগুলোকে একটা প্রশ্ন ‘কমন’—অবসর নিয়ে কী ভাবছেন?
এই নিয়ে উত্তর দিতে দিতে বিরক্ত ধোনি এবার খেপেই গেলেন। বাংলাদেশে উড়ে আসার আগের সংবাদ সম্মেলনে একই প্রশ্ন উঠতেই ধোনি সাফ জানিয়ে দিলেন, একই প্রশ্ন যতবার উঠবে, একই উত্তরও ততবার দিয়ে যাবেন। সাংবাদিকেরা যদি একই উত্তর না পেতে চায়, নতুন কিছু ভাবা তো তাঁদেরই দায়িত্ব।
ধোনি বলেছেন, “যদি আমি এক মাস বা ১৫ দিন আগে কোনো একটা কথা বলে থাকি, সেই উত্তরটা এরই মধ্যে বদলে যায়নি। কোথায় আমাকে প্রশ্নটা করে হয়েছিল সেটা ব্যাপার নয়, উত্তরটা সব সময়ই একই। এটা ‘আপনার নাম কী’ প্রশ্নটার মতো, আমার উত্তরও বারবার এমএস ধোনিই হবে।”
শুরু যেমন আছে, তেমনি আছে শেষও। অবসর তো নেবেনই। তবে ৩৫ বছর বয়সী ধোনি এও জানিয়ে দিলেন, সেটি শিগগিরই হচ্ছে না, ‘নিকট ভবিষ্যতে আপনারা যতক্ষণ পর্যন্ত প্রশ্নের ধরনটা না বদলাচ্ছেন, আমার উত্তরটা একই থাকবে।’
ক্যারিয়ারের শেষ দিকে যে ধোনি চলে এসেছেন, সেটা ঠিক। ফর্মটাও ওঠা-নামা করছে। সঙ্গে যোগ হয়েছে দলের গ্রাফেরও ওঠানামা। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডেতে হারার আগে দেশেও দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হেরেছে ভারত। এর আগে বাংলাদেশ সফরে এসেও সিরিজ হেরে গেছে তাঁর দল। কিন্তু ভারতীয় ক্রিকেটে তাঁর যে অবদান, তাতে এই প্রসঙ্গে ধোনি প্রাপ্য সম্মানটি পাচ্ছেন কি না, সেই প্রশ্নও আসছে। কদিন আগে খোদ রবি শাস্ত্রী বলেছেন, ধোনি কবে অবসর নেবে, সেটি ঠিক করার অধিকার কেবল তাঁরই।
প্রায় প্রতিদিন একই প্রশ্ন শোনাটা যে কারও জন্যই বিরক্তিকর। সাংবাদিকদের ওপর ধোনি কতটা খেপেছিলেন, এখান থেকেও আঁচ করতে পারেন, ‘আপনাদের স্বাধীনতা আছে, তাই বলে যেকোনো ধরনের প্রশ্ন করতে পারেন না। সবকিছুতেই বিবেচনাবোধ থাকা দরকার, কী করা উচিত, কেন করা উচিত। প্রশ্ন করার অধিকার আছে বলেই যা ইচ্ছা তা-ই জিজ্ঞেস করতে পারেন না।’ জি নিউজ।