হোয়াটসঅ্যাপে অস্ট্রেলীয় বন্ধু টমের সঙ্গে কথা হচ্ছিল ইংল্যান্ডপ্রবাসী কিউই পিটার টমসনের। টম বলেছিলেন, যদি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ফাইনালে খেলে তাহলে পিটারকে তিনি টিকিট জোগাড় করে দেবেন। নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠে গেছে রোমাঞ্চকর এক লড়াইয়ের পর, তবে অস্ট্রেলিয়া ফাইনালে ওঠার আগেই পিটার সিদ্ধান্ত নিয়েছেন এমসিজির ফাইনাল দেখবেন। তবে এ জন্য তাঁকে ৫৫ ঘণ্টায় প্রায় ৩৪০০০ কিলোমিটার ভ্রমণ করতে হবে। খরচ হবে প্রায় ৯৩৯৩ মার্কিন ডলার। লন্ডন সময় শুক্রবার রাতে রওনা দেবেন, মেলবোর্নে ম্যাচ দেখে মঙ্গলবার সকালে ফিরে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে যোগ দেবেন। বিমানেই কাটবে প্রায় ২১ ঘণ্টা। মেলবোর্নে গিয়ে বন্ধুর সঙ্গে আবার ‘ব্যাকইয়ার্ড ক্রিকেট ম্যাচ’ খেলার কথা রয়েছে! ক্লান্তির মাঝে তাঁর বড় ভয়, যদি খেলা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন! ‘যদি ১০ মিনিটের জন্য আমি ঘুমিয়ে যাই, আর যদি এমন হয় ব্রেন্ডন ম্যাককালামের ব্যাটিংয়ের সময়। তখন দেখা যাবে সে ৭০ রান করে ফেলেছে। সে যখন ক্রিজে আসবে, তখন অবশ্যই আমাকে জেগে থাকতে হবে!’ দ্য নিউজিল্যান্ড টাইমস, বিবিসি।