অবিশ্বাস্য অশ্বিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণ বোলিংয়ের পর জয়ের স্মারকটাও বুঝে নিলেন অশ্বিন l এএফপি
দারুণ বোলিংয়ের পর জয়ের স্মারকটাও বুঝে নিলেন অশ্বিন l এএফপি

রবিচন্দ্রন অশ্বিনের বোলিংকে কীভাবে বর্ণনা করবেন? বিস্ময়কর, জাদুকরি না অবিশ্বাস্য! সঠিক বর্ণনা দিতে পারলে আপনি এগিয়ে থাকেন বিরাট কোহলির চেয়েও। অশ্বিনের প্রশস্তি গাইতে গিয়ে ভারত অধিনায়ক যে কোনো সঠিক শব্দই চয়ন করতে পারেন না, ‘ওর বোলিংয়ের বর্ণনা দেওয়ার জন্য শব্দ খুঁজে পাচ্ছি না।’
কাল মুম্বাই টেস্ট জিতে আরেকটি সিরিজ জিতেছে কোহলির দল। টানা পঞ্চম সিরিজ জয়ের পথে এ নিয়ে ১৭ টেস্টে অপরাজিত ভারত। দলটির এমন স্বপ্নযাত্রার প্রায় পুরো কৃতিত্ব অশ্বিনকেই দিতে চাইলেন কোহলি, ‘আমরা এখন যে অবস্থানে এসেছি (টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে), সেটির ৫০ থেকে ৬০ ভাগই অশ্বিনের চেষ্টা। বিশ্বের যেকোনো দল তাকে পেতে চাইবে। ওর থেকে নিস্তার পাওয়া কঠিন।’
সত্যিই! গত ১৭ টেস্টে অশ্বিন যা করেছেন, সেটা প্রায় অকল্পনীয়। গল টেস্টে শ্রীলঙ্কার কাছে হারের পর ১৭ টেস্টে ১১৩ উইকেট অশ্বিনের। ২ টেস্টে বৃষ্টি বাগড়া না দিলে সংখ্যাটা নিশ্চিতই আরও বাড়ত। এ সময় ১৩ বার ইনিংসে ৫ উইকেট পেয়েছেন, ম্যাচে চারবার ১০ উইকেট। গত দেড় বছরে অশ্বিন মানেই কোহলির সবচেয়ে বড় ভরসা। প্রতিপক্ষের সবচেয়ে বড় দুশ্চিন্তাও। অফ স্পিন, দুসরা, ক্যারম বল দিয়ে নাভিশ্বাস তুলেছেন ব্যাটসম্যানদের। যেমনটা করলেন কাল, প্রথমে জনি বেয়ারস্টোকে বোকা বানালেন ক্যারম বলে। আবার ক্রিস ওকসকে বোল্ড করলেন অফ স্পিনারের স্বপ্নের এক বলে।
শুধু বোলিং নয় ব্যাটিংয়েও দলের অন্যতম ভরসা হয়ে উঠছেন অশ্বিন। দলের অপরাজেয় যাত্রায় ২২ ইনিংসে ৭৩০ রান করেছেন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই সেঞ্চুরিসহ এই সময়ে আরও পাঁচটি ফিফটিও আছে তাঁর। এমন সাফল্যই টেস্টের বিশ্বসেরা অলরাউন্ডার বানিয়েছে তাঁকে, শীর্ষস্থান থেকে ছিটকে দিয়েছেন সাকিব আল হাসানকে।
অশ্বিনও তাঁর সাফল্যে তৃপ্ত। ম্যাচ জয়ের পরে টুইটারে বলেছেন নিজের সন্তুষ্টির কথা, ‘অসাধারণ এক সিরিজ যাচ্ছে। ঘরের টেস্টের জন্য অপেক্ষায় আছি।’ সিরিজের পরের টেস্ট চেন্নাইয়ে। অশ্বিনের শহর ইংলিশদের জন্য কী দুঃস্বপ্ন নিয়ে অপেক্ষা করছে কে জানে! এএফপি, ক্রিকইনফো।