অবিশ্বাস্য সাঙ্গাকারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২২ গজের নিপুণ শিল্পী সাঙ্গাকারা, নিজেকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়। ছবি: এএফপি
২২ গজের নিপুণ শিল্পী সাঙ্গাকারা, নিজেকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়। ছবি: এএফপি

কুমার সাঙ্গাকারা সেই শিল্পী, যাঁর কাছে ব্যাটটা হচ্ছে তুলি। ২২ গজের ক্যানভাসে সেই তুলি দিয়ে নিরন্তর আঁচড় দিয়ে চলেছেন। ক্যারিয়ার-সায়াহ্নেও সাঙ্গাকারা যেন তরুণ সৃষ্টিশীল শিল্পী। মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। আজও সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলছে সাঙ্গার শৈল্পিক প্রদর্শনী। পা দিলেন নতুন উচ্চতায়।
বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসেবে করলেন টানা তিন সেঞ্চুরি। ওয়ানডেতে সেঞ্চুরির ‘হ্যাটট্রিক’ আছে মোট ছয়টি। কিন্তু বিশ্বকাপে এ কীর্তি ছিল না কারও। বিরল এ কীর্তি গড়লেন সাঙ্গা। চলতি বিশ্বকাপে আগের দুটি সেঞ্চুরি করেছেন বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে। আগেই জানিয়েছেন, এ বিশ্বকাপটি তাঁর শেষ ওয়ানডে টুর্নামেন্ট। রঙিন পোশাকে ভবিষ্যতে আর দেখা যাবে না তাঁকে। ফর্মের তুঙ্গে থেকে এমন বিদায়—মেনে নিতে কষ্টই হবে সমর্থকদের। হয়তো অস্ফুট স্বরে ভক্তদের অনুরোধ থাকবে—কেন যাচ্ছ সাঙ্গা?
আজ আরও একটি কীর্তির পাশে নাম লেখালেন ৩৭ বছর বয়সী এ বাঁহাতি। ঢুকে পড়লেন ১৪ হাজার রানের ক্লাবে। ওয়ানডেতে এ সংখ্যাটা ছুঁয়েছিলেন আরেকজন—শচীন টেন্ডুলকার। ওয়ানডেতে তাঁর সংগ্রহ ১৮ হাজার ৪২৬ রান। এ ম্যাচের আগে ১৪ হাজার পূরণ করতে দরকার ছিল ৩৯ রান। সেটা তো হলোই; তুলে নিলেন ক্যারিয়ারের ২৪তম শতক। ফকনারের বলের ফেরার আগে সাঙ্গাকারার ব্যাট থেকে এল ১০৪ রানের দারুণ এক ইনিংস।
অস্ট্রেলিয়ার দেওয়া ৩৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কার সর্বশেষ সংগ্রহ ৩৪ ওভারে ৪ উইকেটে ২০২ রান।

ওয়ানডেতে টানা তিন সেঞ্চুরিয়ানের তালিকা:
জহির আব্বাস—১৯৮২-৮৩
সাঈদ আনোয়ার—১৯৯৩
হার্শেল গিবস—২০০২
এবি ডি ভিলিয়ার্স—২০১০
কুইন্টন ডি কক—২০১৩
রস টেলর—২০১৪
কুমার সাঙ্গাকারা—২০১৫