অবিশ্বাস্য ‘স্পাইসম্যানে’ খুশি মুশফিক
বিগ ব্যাশ দল মেলবোর্ন স্টার্সের সতীর্থরা তাঁকে ডাকেন ‘স্পাইসম্যান’ নামে।
চুলের বাহারি স্টাইলের কারণে কি না কে জানে, ওয়েস্ট ইন্ডিজ ওপেনার আন্দ্রে ফ্লেচারের সঙ্গে মরিচের যোগসূত্র পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল-মার্কাস স্টয়নিসরা। এর পর থেকে ক্রিকেট–বিশ্বেও ছড়িয়ে পড়েছে সেই নাম।
এবারের বিপিএলে খেলতে এসেও ফ্লেচারের দল খুলনা টাইগার্সের সতীর্থরা তাঁকে ‘স্পাইসম্যান’ নামে ডাকছে। কাল ফ্লেচারের ব্যাটিংয়ের ঝাল টের পেয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা। ওপেনিংয়ে নেমে মাত্র ২৩ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৫ রান করেন এই ডানহাতি। তাঁর ব্যাটিংয়ে ঢাকার ছুড়ে দেওয়া ১৮৪ রান অসম্ভব মনে হচ্ছিল না। শেষ পর্যন্ত ৫ উইকেট ও ১ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতেছে খুলনা।
খুলনার অধিনায়ক মুশফিক জয়ে বিপিএল শুরু করতে পেরে খুশি। কাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলছিলেন, ‘প্রথম ম্যাচে সব সময় কিছুটা স্নায়ুর চাপ থাকে। ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়েছে। বোলারদের জন্য কন্ডিশন কঠিন ছিল। অনেক শিশির ছিল। তবে যেভাবে ব্যাটিং করেছে, তাতে আমি খুশি।’
ফ্লেচারের প্রসঙ্গে মুশফিক বলছিলেন, ‘ভালো লাগছে তাঁর জন্য। যেভাবে সে ইনিংসের শুরুটা করেছে, সেটা এককথায় অবিশ্বাস্য। আমরা সবাই তাঁকে ‘স্পাইসম্যান’ হিসেবে চিনি।’
মজার ব্যাপার হলো, ফ্লেচারের এবারের বিপিএলে খেলারই কথা ছিল না! খুলনা ড্রাফটের বাইরে থেকে শ্রীলঙ্কার ক্রিকেটার ভানুকা রাজাপক্ষেকে দলে নিয়েছিল।
কিন্তু লঙ্কান ক্রিকেট বোর্ড অনাপত্তিপত্র না দেওয়ায় বিপিএল খেলতে পারছেন না তিনি। তাঁর বদলি হিসেবে বিদেশি একজনকে নিতেই হতো। খুলনা ভানুকার বদলি হিসেবে বেছে নেয় এই ৩৪ বছর বয়সী ব্যাটসম্যানকে।
দলটির ম্যানেজার নাফিস ইকবাল এ ব্যাপারে বলছিলেন, ‘আমাদের ভাগ্য খুব ভালো বলতেই হয়। আমরা ভানুকাকে পাইনি। তবে বদলি হিসেবে ফ্লেচারের মতো একজনকে পেয়েছি। এর আগেও তাঁর বিপিএল খেলার অভিজ্ঞতা আছে। সেদিক থেকে আমাদের জন্য আদর্শ বলাই যাই।’