অভিজ্ঞ মাসাকাদজাই জিম্বাবুয়ের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিম্বাবুয়ের নতুন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ছবি: ফাইল ছবি।
জিম্বাবুয়ের নতুন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ছবি: ফাইল ছবি।

বাংলাদেশ সফরের শেষ দুটি টি-টোয়েন্টিতে দলকে জিতিয়ে অধিনায়কের দায়িত্ব থেকে সরে গিয়েছেন এলটন চিগুম্বুরা। তাঁর উত্তরসূরি নির্বাচন করার ক্ষেত্রে অভিজ্ঞতাকেই বিবেচনায় নিল জিম্বাবুয়ে। দলের অধিনায়ক করা হয়েছে হ্যামিল্টন মাসাকাদজাকে। সহ অধিনায়ক হয়েছেন লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার। অন্য দলগুলোর মতো তিন সংস্করণের জন্য তিন ভিন্ন অধিনায়কের তত্ত্বে যায়নি জিম্বাবুয়ে।

টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি তিন সংস্করণের জন্যই দলের দায়িত্ব দেওয়া হয়েছে ৩২ বছর বয়সী মাসাকাদজাকে।


জিম্বাবুয়ের হয়ে ২৯টি টেস্ট ও ১৬৫টি ওয়ানডে খেলেছেন মাসাকাদজা। দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানটির হাতে দায়িত্ব তুলে দিতে হয়তো দ্বিতীয়বার ভাবতে হয়নি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে (জেডসি)। তবে চাইলে এটিকে ভালো ফর্মের পুরস্কার হিসেবেও দেখতে পারেন মাসাকাদজা।

সর্বশেষ বাংলাদেশ সিরিজ ও তার আগের আফগানিস্তান সিরিজ—দুটিতেই রান পেয়েছেন জিম্বাবুইয়ান মিডল অর্ডার ব্যাটসম্যান। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সর্বশেষ ১০ ম্যাচে তাঁর আছে চারটি ফিফটি, একটি সেঞ্চুরি। অথচ মজার ব্যাপার, আফগানিস্তান সিরিজের আগে ফর্ম খারাপ থাকার কারণে দল থেকেই বাদ পড়েছিলেন মাসাকাদজা। সূত্র: এনডিটিভি অনলাইন।