অভিজ্ঞতা-তারুণ্যে এগোচ্ছে আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুভাগত হোম নিয়েছেন ৫ উইকেট, আর সাদমান ইসলাম (ডানে) করেছেন সেঞ্চুরি। এই দুইয়ে সওয়ার হয়ে আবাহনীও পেয়েছে দারুণ এক জয়। কাল বিকেএসপিতে l ছবি: বিসিবি
শুভাগত হোম নিয়েছেন ৫ উইকেট, আর সাদমান ইসলাম (ডানে) করেছেন সেঞ্চুরি। এই দুইয়ে সওয়ার হয়ে আবাহনীও পেয়েছে দারুণ এক জয়। কাল বিকেএসপিতে l ছবি: বিসিবি

বাংলাদেশ দলের তারকা খেলোয়াড়দের হারিয়ে একটু যেন ধাক্কাই খায় আবাহনী। ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে হেরে যায় পরের দুই ম্যাচ। তবে এই দুই হারের পর আবারও জয়ের ধারায় ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ২ মে হারিয়েছে কলাবাগান ক্রীড়াচক্রকে, বিকেএসপিতে কাল জিতল তারা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষেও।
তবে উল্টোরথে যাত্রা প্রাইম ব্যাংকের, টানা পাঁচ ম্যাচজয়ী দলটি হারল সর্বশেষ দুটি ম্যাচেই। এদিকে ভিক্টোরিয়াকে ৬ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। টানা সাত ম্যাচ হেরে গত প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে থাকা ভিক্টোরিয়া এবার যেন দেখছে অবনমনের রাস্তা। আর ফতুল্লায় প্রাইম দোলেশ্বরকেও ৬ উইকেটে হারিয়েছে মোহামেডান।
মাহমুদউল্লাহ-মোসাদ্দেকরা ইংল্যান্ডে যাওয়ার পর কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ের সঙ্গে মিলে আবাহনীকে ভরসা দিচ্ছেন তরুণেরা। কাল যেমন জ্বলে উঠলেন সাদমান ইসলাম। লিটন দাসের সঙ্গে ১১৯ রানের ওপেনিং জুটি গড়ে দলকে দুর্দান্ত ভিত্তি দিয়েছেন সাদমান। নাহিদুল ইসলামের বলে আল আমিনের ক্যাচ হওয়ার আগে লিটন করেছেন ৬৫ রান। দ্বিতীয় উইকেটেও জুটি হয়েছে শতরানের, সাইফ হাসানকে নিয়ে ১০১ রানের জুটি গড়েছেন সাদমান। সালমান হোসেনের বলে ৫১ রানে সাইফ আউট হয়ে গেলেও সাদমান লিস্ট ‘এ’ ম্যাচে নিজের প্রথম সেঞ্চুরি না করে ফেরেননি। ১০০ বলে ১০৩ রান করেন সাদমান। তবে বাঁহাতি এই ওপেনার আরিফুল হকের বলে আসিফ আহমেদের ক্যাচ হওয়ার পর আবাহনী পুরো ৫০ ওভারই খেলতে পারেনি। ৭৯ রানে পড়েছে শেষ ৭ উইকেট, ৪৯.২ ওভারে অলআউট ৩০৫ রানে।
ব্যাটিংয়ে যেমন সাদমান, তেমনি বোলিংয়ে শুভাগত হোমকে পেয়েছে আবাহনী। শুভাগতর স্পিন-জাদুতেই ১৯৮ রানে মুখ থুবড়ে পড়েছে প্রাইম ব্যাংক। সালমান হোসেনের অপরাজিত ৬১ রানের সৌজন্যে ব্যবধানটাই শুধু কমিয়ে হেরেছে ১০৭ রানে। আবাহনীর জয়ে তারুণ্য আর অভিজ্ঞতার সমন্বয় এখন বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন শুভাগত, ‘সিনিয়র-জুনিয়রের ভালো সমন্বয় হচ্ছে বলেই জিতছি। আমাদের সবার মধ্যে বোঝাপড়াটা দারুণ।’
বিকেএসপির আরেক মাঠে রূপগঞ্জ-ভিক্টোরিয়া ম্যাচটিও হয়েছে এমন একপেশে। ওপেনার পিনাক ঘোষের ৬২ রানের সৌজন্যে ভিক্টোরিয়ার করা ১৫৫ রান রূপগঞ্জ পেরিয়েছে ৬ উইকেট হাতে রেখেই। জমেনি ফতুল্লায় প্রাইম দোলেশ্বর-মোহামেডানের ম্যাচও। দোলেশ্বরের বেঁধে দেওয়া ২২৯ রানের লক্ষ্য মোহামেডান ছুঁয়েছে ১৪ বল আর ৬ উইকেট হাতে রেখে। রানআউটে কাটা পড়ে ৫ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত মোহামেডানের ওপেনার অভিষেক মিত্র।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী-প্রাইম ব্যাংক, বিকেএসপি-৩
আবাহনী: ৪৯.২ ওভারে ৩০৫ (সাদমান ১০৩, লিটন ৬৫, সাইফ ৫১; আল আমিন ৩/৪৭, আরিফুল ৩/৫৮, সালমান ২/৩৮)। প্রাইম ব্যাংক: ৪৪.৫ ওভারে ১৯৮ (সালমান ৬১*, মারুফ ৩১, আল আমিন জু. ৩১; শুভাগত ৫/৪৭, শর্মা ২/৪১)।
ফল: আবাহনী ১০৭ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সাদমান ইসলাম।
দোলেশ্বর-মোহামেডান, ফতুল্লা
দোলেশ্বর: ৫০ ওভারে ২২৮/৯ (মজিদ ৫০, রেজা ৪৬, জাকির ৪০, হাবিবুর ৩১*; আসালাঙ্কা ৩/২৯, সাজেদুল ৩/৩০)। মোহামেডান: ৪৭.৪ ওভারে ২৩২/৪ (অভিষেক ৯৫, রকিবুল ৪৯*; ইমতিয়াজ ১/৭)।
ফল: মোহামেডান ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: অভিষেক মিত্র।
রূপগঞ্জ-ভিক্টোরিয়া, বিকেএসপি-৪
ভিক্টোরিয়া: ৪৫.৩ ওভারে ১৫৫ (উত্তম ৩৫, রুবেল ২৮; রাজা ৩/১৩, মোশাররফ ২/৩৬, শরীফ ২/৪৪)। রূপগঞ্জ: ৪৫.৩ ওভারে ১৫৬/৪ (পিনাক ৬২, নাঈম ২৯*; আরাফাত ১/১৬)।
ফল: রূপগঞ্জ ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: পিনাক ঘোষ।