অভিজ্ঞতা নাকি আত্মবিশ্বাস?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরু হয়ে গেছে আগামীকাল শুরু হতে যাওয়া প্রথম টেস্টের অনুশীলন। টানা চার ম্যাচ জিতে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে, সাকিব-মুশফিকদের শরীরী ভাষায় যেন সেটিরই বিচ্ছুরণ। কাল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে l শামসুল হক
শুরু হয়ে গেছে আগামীকাল শুরু হতে যাওয়া প্রথম টেস্টের অনুশীলন। টানা চার ম্যাচ জিতে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে, সাকিব-মুশফিকদের শরীরী ভাষায় যেন সেটিরই বিচ্ছুরণ। কাল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে l শামসুল হক

দুটি খণ্ডচিত্র। দুটিতেই আত্মবিশ্বাসের ছাপ। সমস্যা হলো দুটো দুই দলের ছবি।
দৃশ্য এক: পাকিস্তান দলের নেট চলছিল শেখ আবু নাসের স্টেডিয়ামে। নেটের পাশে বসে মিসবাহ-উল-হক, ইমরান খানসহ আরও দু-একজন ক্রিকেটার মেতে উঠলেন আড্ডায়। তাঁদের নির্ভার ভাব দেখে মনেই হলো না ওয়ানডে সিরিজ আর টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান দলটাকে কী লজ্জাজনক পরাজয়ই না বরণ করতে হয়েছিল। হতে পারে টেস্টের শক্তিমত্তায় নিজেরা এগিয়ে আছেন বলেই অতটা হালকা মেজাজে দেখা গেল পাকিস্তানের ক্রিকেটারদের।
দৃশ্য দুই: ‘বাবু ভাই...উইকেটের অবস্থা কী?’ কিউরেটর জাহিদ রেজার (বাবু) উদ্দেশে প্রশ্নটা বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের। দল অনুশীলনে নামার আগেই প্যাড পরে ব্যাট হাতে নেটে চলে আসেন মুশফিক। সেখানেই কিউরেটরকে দেখে ওই প্রশ্ন। দূর থেকেও হালকাভাবে কিউরেটরের উত্তরটা ভেসে এল, ‘হার্ড অ্যান্ড গ্রাস...’। এরপর দুজনই হাসতে লাগলেন।
টেস্ট ক্রিকেটে শক্ত ঘাসের উইকেট থাকাটা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য খুব ভালো খবর হওয়ার কথা নয়। তার পরও মুশফিকের হাসি যেন বলে দিচ্ছিল, আত্মবিশ্বাসটা এখন আকাশচুম্বী। যেকোনো পরিস্থিতি সামলানোর সামর্থ্যই আছে তাঁদের। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কাছ থেকে তাই ওই রকম উইকেটের চাহিদাও যেতে পারছে কিউরেটরের কাছে।
টেস্টে পাকিস্তানের অভিজ্ঞতা বেশি। দলটার হয়ে অভিষেক টেস্ট খেলার অপেক্ষায় থাকা সামি আসলাম তাই আইসিসির র্যা ঙ্কিং তুলে ধরে বলতে পারেন, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টির তুলনায় টেস্ট ভিন্ন ক্রিকেট এবং এই ফরম্যাটে আমরাই ভালো করব’, কিন্তু সাম্প্রতিক ফর্ম আর আত্মবিশ্বাসের দিক দিয়ে যে বাংলাদেশই এগিয়ে! একটি-দুটি জয় হলে ফ্লুক বলে উড়িয়ে দিতে পারতেন। কিন্তু এ যে হারের মিছিল! তিন ওয়ানডের সিরিজে ‘বাংলাওয়াশ’ হওয়ার পর পাকিস্তান হেরেছে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও। পাকিস্তানের ক্রিকেটারদের জন্য রাতারাতি সেই দুঃসহ স্মৃতি ভুলে টেস্টে প্রবল প্রতাপশালী হয়ে ওঠাটা কি এতই সহজ হবে!
পাকিস্তান দলের প্রতিনিধি হয়ে কাল সাংবাদিকদের সামনে আসা সামি অবশ্য বারবারই টেনে আনলেন মিসবাহ-উল-হক আর ইউনিস খানের উপস্থিতির কথা, ‘মিসবাহ ও ইউনিস দলে আছেন। কাজেই সিরিজ জয়ের জন্য ভালো একটা দলই আছে আমাদের হাতে। অভিজ্ঞ এ দুজন দলে থাকলে পাকিস্তান সব সময়ই ভালো খেলে।’ প্রতিপক্ষ যখন বাংলাদেশ, সামির কথাটা মিসবাহর ক্ষেত্রে অন্তত তেমন খাটে না। বাংলাদেশের বিপক্ষে তিন টেস্ট খেলে করেছেন ১০৯, সর্বোচ্চ ইনিংস ৭০ রানের। তবে ইউনিসের নামটা বাংলাদেশের জন্য ভয়েরই। এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে পাঁচ টেস্ট খেলে ৮৩.৬০ গড়ে রান করেছেন ৪১৮। আছে একটা করে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরিও।
তবে পরিসংখ্যান সবকিছু হলে তো আর নতুন করে খেলা লাগত না। পুরোনো পারফরম্যান্স দিয়েই ঠিক করে নেওয়া যেত নতুন নতুন সিরিজের ফলাফল। এর আগে বাংলাদেশের বিপক্ষে আট টেস্ট খেলে আটটিতেই জয় পেলেও এবারের বাংলাদেশকে নিয়ে নতুন করে না ভেবে উপায় নেই মিসবাহর দলের। বিশেষ করে পাকিস্তান দলটা যখন মাঠের বাইরে একটু বেশিই বিশৃঙ্খল!
না, খেলোয়াড়দের দিক থেকে শৃঙ্খলাভঙ্গের কোনো খবর এখন পর্যন্ত নেই। তবে এবার কেমন যেন এলোমেলো পাকিস্তানের টিম ম্যানেজমেন্টই! খুলনায় শেষ পর্যন্ত ১৫ জনের টেস্ট দল এলেও ঢাকা থেকে রওনা দিয়েছিল ১৬ জন। কিন্তু বিমানবন্দরে আসার বাসে ওঠার আগে পাওয়া এমআরআই রিপোর্টে জানা যায় রাহাত আলীর হ্যামস্ট্রিংয়ে চোট। কাজেই তাঁকে দল থেকে বাদ দিয়ে খুলনায় আসে দল। রাহাতের বদলি নেওয়া হবে না বলেও নাকি জানিয়েছেন দলের ম্যানেজার নাভিদ আলম চিমা। তা তাঁরা নিতে না-ই পারেন। কিন্তু প্রশ্ন হলো, রাহাত চোটটা পেয়েছেন দ্বিতীয় ওয়ানডে খেলার সময়। সেটার এমআরআই হলো এত দিন পর!
এই সফরেই আরও উদ্ভট ঘটনার জন্ম দিয়েছে পাকিস্তান দল। বিদেশ সফরে খেলোয়াড়-কর্মকর্তা মিলিয়ে একটা দলের সদস্যসংখ্যা সাধারণত ২৫ জনের বেশি হয় না। স্বাগতিক বোর্ডও সর্বোচ্চ ২৫ জনেরই খরচ বহন করে। এবার পাকিস্তান দলের সদস্যসংখ্যা যে কখন কত ছিল, সে হিসাব রাখাই মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। ওয়ানডে, টি-টোয়েন্টি আর টেস্ট দলের খেলোয়াড় একসঙ্গে হয়ে যাওয়ায় টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন সংখ্যাটা পৌঁছেছিল ৩৪ জনে! ম্যাচের দিন সকালেও ঢাকায় শুধু খেলোয়াড়ই ছিলেন ২৩ জন। আরেকটা তথ্য, টি-টোয়েন্টির স্কোয়াডটা পাকিস্তান টিম ম্যানেজমেন্ট বিসিবিকে দিয়েছিল খেলা শুরুর মাত্র ঘণ্টা দেড়েক আগে। তা-ও ভালো, ২৫ জনের অতিরিক্তদের খরচটা পিসিবিই বহন করেছে।
মাঠ এবং মাঠের বাইরে সবখানেই খেইহারা পাকিস্তান। টেস্ট সিরিজে তাদের শক্তি বলতে অভিজ্ঞতা। কিন্তু সেটার সামনেও যে দাঁড়িয়ে উত্তুঙ্গ আত্মবিশ্বাসী এক বাংলাদেশ!