অভিজ্ঞতার দাম পেলেন ডেভি

ওমানকে অল্প রানে বেঁধে ফেলায় দারুণ বল করেন জশ ডেভি। অভিজ্ঞতা থেকেই শেষ দিকে ভালো করেন এ পেসার

স্কটল্যান্ডের বোলার জশ ডেভিছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিডলসেক্সের হয়ে ১৯ বছর বয়সে কাউন্টি অভিষেকেই বোলিংয়ে নিজের জাত চিনিয়েছিলেন জশ ডেভি। স্কটিশ এ পেসারের বয়স এখন ৩১ বছর।

এ বয়সে বলে গতি কমলেও অভিজ্ঞতা তো বেড়েছে। সে অভিজ্ঞতার বলেই ওমানকে ১২২ রানে অলআউট করায় দারুণ অবদান রাখলেন ডেভি।

২৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা ডেভি ওমানের ইনিংসে মাঝপথে বিপজ্জনক হয়ে ওঠা জিশান মাকসুদকে তুলে নেন। ২৮ বলে ৩৪ রানে অপরাজিত থেকে উইকেটে ‘সেট’ ছিলেন ওমান অধিনায়ক মাকসুদ।

শেষ ওভারে স্বাভাবিকভাবেই তাঁর মারকুটে হয়ে ওঠার কথা ছিল। ডেভি ঠিক এই শেষ ওভারে এসেই দেখালেন ‘ম্যাজিক’—এক্সট্রা কাভারে ফিল্ডার রেখে লেংথ বল করে ফাঁদ পেতেছিলেন। সে ফাঁদে পা দিয়েই এক্সট্রা কাভারে ক্যাচ দিয়ে জিশান আউট। পরের বলটি ইয়র্কার। রান তুলতে মরিয়া বিলাল খান এবার রানআউট।

তাঁর চতুর্থ বলে ফাইয়াজ বাট ক্যাচ তুললেও সেটি চার হয়ে যায়। এরপর শেষ বলে আবারও অভিজ্ঞতায় পাতা ফাঁদে উইকেট! কাভার–পয়েন্ট অঞ্চলে ক্যাচ দেন ফাইয়াজ বাট।

এর আগে ১৮তম ওভারে সুরজ কুমারকেও দারুণ এক খাটো লেংথের স্লোয়ার–বাউন্সারে তুলে নেন ডেভি। সব মিলিয়ে ওমানের বিপক্ষে স্কটল্যান্ডের ৮ উইকেটের জয়ে দারুণ বল করে ম্যাচসেরা ডেভি।