অভিজ্ঞতায় তবু 'তরুণ শ্রীলঙ্কা'ই এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বেশ আলোচনা হয়েছে বিষয়টি নিয়ে। অভিজ্ঞতার বিচারে ক্রিকেটের অভিজাত অঙ্গনে বাংলাদেশ পড়ে আছে পেছনের সারিতে। বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ১৬ বছর হলো। এখনো ১০০ টেস্টও খেলা হয়নি। অভিজ্ঞতার বিচারে তাই ইংল্যান্ডের চেয়ে ঢের পিছিয়ে ছিল বাংলাদেশ।

জানুয়ারিতে নিউজিল্যান্ড ও ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও অভিজ্ঞতার বিচারে যোজন যোজন পিছিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু এবার শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত খুব একটা পিছিয়ে থাকতে হচ্ছে না মুশফিকদের। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট সিরিজে যে ১৫ জন খেলোয়াড় আছেন তাঁদের সবার ম্যাচ যোগ করলে সংখ্যাটা দাঁড়ায় ২৮০টি। এদিক থেকে তামিম-মুশফিকরা শ্রীলঙ্কাকে ছাড়িয়ে যেতে পারেননি। ১৬ সদস্যের বাংলাদেশ দলের খেলোয়াড়দের সম্মিলিত টেস্ট অভিজ্ঞতা ২৬৪ ম্যাচের। যদি দ্বিতীয় টেস্টে ইমরুল কায়েস দলে যোগ দেন তাহলে এই পরিসংখ্যানে ভারসাম্য আসবে। বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার খেলেছেন ২৭ টেস্ট।
রঙ্গনা হেরাথের নেতৃত্বে লঙ্কানদের টেস্ট দলটা হয়েছে তারুণ্যনির্ভর। সাঙ্গাকারা-জয়াবর্ধনে-দিলশানদের বিদায়ের পর বিরাট পরিবর্তনের মধ্য দিয়েই যাচ্ছে শ্রীলঙ্কা। কদিন পর পর দলে আসছে নতুন মুখ। এবার বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের টেস্ট স্কোয়াডে থাকা দুজন আছেন অভিষেকের অপেক্ষায়। একমাত্র হেরাথের ৫০টির বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে। ১৯৯৯ সালের সেপ্টেম্বরে গলে অভিষেক হওয়া লঙ্কান এই অধিনায়ক খেলেছেন ৭৮ টেস্ট। অভিজ্ঞতার বিচারে তাঁর পরই আছেন দিমুথ করুণারত্নে, খেলেছেন ৩৬টি টেস্ট। শ্রীলঙ্কার বর্তমান দলে ৩০-এর ওপরে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে মাত্র চারজনের।
যদিও বাংলাদেশের মাত্র একজন খেলোয়াড়ের ৫০-এর বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে, মুশফিকুর রহিম। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এক দশকের বেশি সময় কাটিয়ে দেওয়া মুশফিক-সাকিব-তামিম-মাহমুদউল্লাহর খেলা মোট টেস্টের সংখ্যা ১৭৮টি।
ওয়ানডেতে অভিজ্ঞতায় কোনো কোনো দলের চেয়ে এগিয়ে থাকাটা যেমন বাংলাদেশকে বিরাট সুবিধা দেয়, প্রতিবার টেস্টে সেটিই আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। এবার নিশ্চয়ই সেটি হবে না। আর বাংলাদেশ গত দুই মাস টানা টেস্ট খেলার মধ্যেই আছে। শ্রীলঙ্কা সফরটা স্মরণীয় করে রাখার একটা সম্ভাবনা মুশফিকদের আছে। এখন সুযোগটা কাজে লাগাতে পারলেই হয়।