অভিনব নিয়ম - শূন্য রানে আউট হবে না কেউ!

ব্যাটসম্যান রানের খাতা খুলতে পারুক আর না পারুক, আউট হলে তাঁকে ফিরে যেতেই হবে। ক্রিকেটের চিরন্তন নিয়ম। পেশাদার কিংবা অপেশাদার—সব পর্যায়ে এটাই ক্রিকেট। কিন্তু খুদে ক্রিকেটপ্রেমীদের কথা মাথায় রেখে নিয়মটি পাল্টানোর কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
নতুন এই জুনিয়র প্রোগ্রামের অধীনে প্রথম পর্বের (অনূর্ধ্ব-১০ বছর) খেলোয়াড়েরা ব্যাটিংয়ে নেমে কোনো রান না করে আউট হলেও তাদের আউট দেওয়া হবে না! মানে খুদে ক্রিকেটারদের খেলায় ‘ডাক’ মেরে আউট হওয়ার নিয়মটা সিএ তুলে দিতে চাচ্ছে। ন্যূনতম ১ রান না করলে কেউ আউট হবে না।
ক্রিকেটের বিশুদ্ধবাদীরা অভূতপূর্ব এই ভাবনাকে ইংরেজ কেতায় বলতেই পারেন, ‘দ্যাটস নট ক্রিকেট’। তবে ব্যাপারটি এখনো আলোচনার টেবিলে। অস্ট্রেলিয়ায় খুদেদের ঘরোয়া ক্রিকেটে, মানে বাড়ির উঠোন, স্কুল মাঠ কিংবা রাস্তায় যেসব শিশুরা খেলে থাকে, তাদের মধ্যে নিয়মটি প্রচলন করতে চাচ্ছে সিএ। এ নিয়ে নিজস্ব ভাবনা-চিন্তার কথা জানিয়েছেন কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির ব্যায়াম বিশেষজ্ঞ এবং ক্রিকেট কনসালট্যান্ট ডা. ইয়ান রেনশ। নামটা চেনা চেনা লাগছে? ঠিকই ধরেছেন, তিনি অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাট রেনশের বাবা।
অস্ট্রেলিয়ার জুনিয়র ক্রিকেটের খোলনলচে পাল্টে দেওয়া আর শক্তিশালী করে তোলার নেপথ্য কারিগরদের অন্যতম ইয়ান রেনশ। ‘শূন্য রানে আউট’ নিয়মটি তুলে দেওয়া নিয়েও তিনি কাজ করছেন। ইয়ান রেনশ বিশ্বাস করেন, ক্রিকেট বিশ্বের অস্ট্রেলিয়ার পরাশক্তি হয়ে ওঠার পেছনে রয়েছে ‘ব্যাকইয়ার্ড ক্রিকেট’ অর্থাৎ খুদেদের বাড়ির উঠোন কিংবা রাস্তাঘাটে খেলে উঠে আসার পরম্পরা।

কিন্তু অস্ট্রেলিয়ায় এখন এই প্রথা দেখা যায় না বললেই চলে। রেনশের ভাষ্য, ‘এখন আর রাস্তায় ছেলেদের খেলতে দেখা যায় না। পার্ক কিংবা বাড়ির উঠোনও ফাঁকা পড়ে থাকে। এসব জায়গা থেকে সবার ক্রিকেটচর্চার শুরু হয়। এখান থেকে সবাই খেলোয়াড় হয়ে ওঠে।’ কিন্তু ব্যাকইয়ার্ড ক্রিকেটের চর্চা যেহেতু হচ্ছে না, তাই খুদেদের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে চমকপ্রদ সিদ্ধান্তটি নেওয়ার কথা ভাবছে সিএ। এতে শিশুরা বেশিক্ষণ ক্রিকেটে সময় দেবে বলে বিশ্লেষকদের বিশ্বাস। জুনিয়র প্রোগ্রামে দ্বিতীয় ও তৃতীয় পর্ব নিয়ে অবশ্য অন্য ভাবনা রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের।
প্রচলিত নিয়মে শিশুরা বিরক্ত হয়ে উঠতে পারে বলে মনে করছে সিএ। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, শিশুরা ক্রিকেট শিখে খেলতে আসে না। তারা খেলতে খেলতে শেখে। তাই অনেক শিশুই ব্যাটিংয়ে নেমে দুম করে আউট হয়ে গেলে খেলাটির প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। তা যেন না ঘটে, সে জন্য প্রথম পর্বে (স্টেজ ওয়ান) শূন্য রানে আউট হওয়ার নিয়মটি তুলে দেওয়া ছাড়াও দলের খেলোয়াড় সংখ্যায়ও পরিবর্তন আনতে চাচ্ছে সিএ। ১১ জনের বদলে ৭ জন করে খেলোয়াড় থাকবে প্রতি দলে। এতে শিশুরা রান করার জন্য বেশি জায়গা পাবে।
এ ছাড়াও ছোটদের মধ্যে ম্যাচের দৈর্ঘ্য ৩০ ওভার থেকে ২০ ওভারে নামিয়ে আনা হবে। কমে আসবে উইকেটের দৈর্ঘ্যও—প্রচলিত ২০.১ মিটার উইকেটের বদলে ১৬ মিটার। বাউন্ডারি সীমানা হবে ৪০ মিটার। সবাই ব্যাটিং-বোলিং এবং ফিল্ডিংয়ের সুযোগ পাবে, উইকেটকিপিংও করা যাবে প্রতি সপ্তাহে অন্তত একবার করে। ব্রিসবেনে সাউথ জুনিয়র ক্রিকেট ক্লাবে ইতিমধ্যেই ‘প্রথম পর্ব’ নিয়ে পরীক্ষামূলক কাজ শুরু হয়েছে। সেখানকার শিক্ষিকা ডেবোরাহ লাভের ভাষ্য, ‘এটা দারুণ। ছেলেরা ক্রিকেটে আগ্রহী হচ্ছে। তারা দ্রুত আউট হয়ে গেলে বাকি ম্যাচটা চেয়ারে বসে দেখতে হয়, যেটা তাদের কাছে বিরক্তিকর। এ কারণে হয়তো বলবে, আগামী মৌসুমে আমি আর খেলতে চাই না। কিন্তু বেশিক্ষণ ব্যাট করতে পারলে তারা অবশ্যই খেলা চালিয়ে যেতে চাইবে।’ সূত্র: এবিসি নিউজ।