অভিনব প্রতিবাদের বিস্ময়কর শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আম্পায়ারদের ‘পক্ষপাতমূলক’ আচরণের অভিনব প্রতিবাদ করে বিসিবির সব ধরনের খেলা থেকে কমপক্ষে ১০ বছরের জন্য নিষিদ্ধ হলেন দ্বিতীয় বিভাগ ক্রিকেটের দুই খেলোয়াড় সুজন মাহমুদ ও তাসনিম হাসান। বাতিল করা হয়েছে বিসিবির সঙ্গে তাঁদের ক্লাব লালমাটিয়া ক্লাব ও ফিয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের সম্পৃক্ততা।

এ ছাড়া অন্তত পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন দুই দলের অধিনায়ক, কোচ ও ম্যানেজার। সবচেয়ে কম শাস্তি হয়েছে ওই দুটি ম্যাচই পরিচালনা করা দুই আম্পায়ার আজিজুল বারী ও শামসুর রহমানের। ঠিকভাবে ম্যাচ পরিচালনা করতে না পারায় তাঁদের নিষিদ্ধ করা হয়েছে ছয় মাসের জন্য। সঙ্গে ভবিষ্যতের জন্যও সতর্ক করে দেওয়া হয়েছে তঁাদের।

গত ১১ এপ্রিল সিটি ক্লাব মাঠে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ম্যাচে এক্সিওম ক্রিকেটার্সের বিপক্ষে ওয়াইড আর নো বলের বন্যা বইয়ে মাত্র ৪ বলে ৯২ রান দিয়ে হইচই ফেলে দেন সুজন। তার আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে আরেক ম্যাচে ইন্দিরা রোড ক্রীড়াচক্রের বিপক্ষে একইভাবে ১.১ ওভারে ৬৯ রান দেন ফিয়ার ফাইটার্সের বোলার তাসনিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুই ঘটনার কোনোটিতেই তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি। দেশ-বিদেশের সংবাদমাধ্যমে সমালোচনা হওয়ার পর টনক নড়ে তাদের। গত ২২ এপ্রিল অনুষ্ঠিত বিসিবির সভায় বোর্ড পরিচালক ও শৃঙ্খলা কমিটির প্রধান শেখ সোহেলের নেতৃত্বে গঠন করা হয় তিন সদস্যের তদন্ত কমিটি। অন্য দুই সদস্য হলেন মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস ও ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান।

তদন্ত কমিটির শুনানিতে হাজির হয়ে ক্রিকেটাররা জানিয়েছিলেন, মাঠে আম্পায়ারদের ধারাবাহিক পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদ করতেই ওরকম অভিনব পন্থা খুঁজে নেন তাঁরা। লালমাটিয়ার ইনিংসে সুজন ব্যাটিংয়ে নামার পর নাকি আম্পায়ার তাঁকে দ্রুত আউট হয়ে যেতেও বলেছিলেন। কিন্তু কাল ঘোষিত শাস্তির সিদ্ধান্তে পরিষ্কার, ক্রিকেটারদের বক্তব্য আমলে নেয়নি তদন্ত কমিটি। কমিটির প্রধান শেখ সোহেল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের জানিয়েছেন, তাঁরা নিশ্চিত, দেশের ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন করতেই ৪ বলে ৯২ আর ১.১ ওভারে ৬৯ রান দেওয়ার ঘটনা ঘটেছে। এই দুই ঘটনায় সম্পৃক্তদের সে কারণেই দৃষ্টান্তমূলক কঠিন শাস্তি দেওয়া হয়েছে।

শেখ সোহেল বলেন, ‘সবার সাক্ষাৎকার নিয়ে আমরা বুঝতে পেরেছি, ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের ক্রিকেটের সম্মান ক্ষুণ্ন করার জন্য এই জিনিসটা করা হয়েছে। ওই খেলায় কেউ চ্যাম্পিয়ন হয়ে ওপরে উঠবে, এমন কোনো ব্যাপার ছিল না। হেরে গেলে যে রেলিগেশনে চলে যাবে, এমনও কোনো ব্যাপার ছিল না। ইচ্ছাকৃতভাবে করেছে। আন্তর্জাতিক পর্যায়ে মানসম্মান ক্ষুণ্ন করার জন্য এটা করা হয়েছে।’ সাক্ষাৎকারে প্রাপ্ত কোন তথ্যের ভিত্তিতে তদন্ত কমিটি নিশ্চিত হলো যে দেশের ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন করতেই এসব করা হয়েছে, সেটা অবশ্য বলেননি তিনি। তবে জানিয়েছেন, বিসিবির দুর্নীতি দমন ইউনিটের কাছ থেকেও নাকি কমিটি একই প্রতিবেদন পেয়েছে।

তদন্ত কমিটি এটিও নিশ্চিত, সুজন ও তাসনিম নিজেদের সিদ্ধান্তে ওই কাজ করেননি। এর পেছনে টিম ম্যানেজমেন্টের ইন্ধন দেখছেন তাঁরা। কমিটির প্রধান বলেছেন, ‘যদি টিম ম্যানেজমেন্ট আদেশ না দেয়, কোনো বোলার এ-জাতীয় কাজ করার সাহস পায় না। দুই ম্যাচেই ফিক্সিংয়ের কোনো ব্যাপার ছিল না। বোলার টাকা পেয়েছে বা এ-জাতীয় কিছুও নয়। তদন্ত করে আমরা বুঝতে পেরেছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতেই এই কাজ করা হয়েছে।’

আইসিএল-কাণ্ডের পর বাংলাদেশে ক্রিকেটারদের এত বড় শাস্তি পাওয়ার ঘটনা এই প্রথম। কিন্তু কোন ধারায় বা কোন আইনে খেলোয়াড়, ক্লাব ও কর্মকর্তাদের বিরুদ্ধে এসব শাস্তির সিদ্ধান্ত নেওয়া হলো, সেটি পরিষ্কার নয়। লালমাটিয়া ও ফিয়ার ফাইটার্সের কর্মকর্তারা তাই শাস্তির সিদ্ধান্ত শুনে বিস্মিত। লালমাটিয়া ক্লাবের যুগ্ম সম্পাদক আদনান রহমান মুঠোফোনে বলেন, ‘কোন আইনে, কী কারণে আমাদের ক্লাবকে নিষিদ্ধ করা হলো, কিছুই জানি না। বিসিবি বা সিসিডিএম (ঢাকা লিগ পরিচালনাকারী কমিটি) থেকে আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। চিঠি পেলে বিস্তারিত বলতে পারব।’ একই প্রতিক্রিয়া ফিয়ার ফাইটার্সের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন হায়দারের, ‘আমরা জানিই না কিসের ভিত্তিতে, কোন ধারায় এত বড় শাস্তি দেওয়া হলো। আনুষ্ঠানিক কোনো চিঠিও পাইনি, যার ভিত্তিতে মন্তব্য করব। শুধু টেলিভিশনের খবরে দেখছি।’ এসব বিষয়ে জানতে তদন্ত কমিটির অন্য দুই সদস্য বিসিবির পরিচালক জালাল ইউনুস ও আকরাম খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোনে তাঁদের পাওয়া যায়নি।

শাস্তি পাওয়া দুই বোলার সুজন ও তাসনিম ঘটনার পর থেকেই আছেন আড়ালে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন না কেউই। সুজন কোথায় আছেন, সেটা ক্লাবের লোকজনও জানেন না। তবে ফিয়ার ফাইটার্সের এক কর্মকর্তা জানিয়েছেন, তাসনিম আছেন যশোরে।