অভিনয়ে টেন্ডুলকার
‘আসিতেছে, আসিতেছে...। আগামী শুক্রবার মুম্বাই, দিল্লি, লন্ডনসহ সারা বিশ্বের ২০০০ প্রেক্ষাগৃহে মহাসমারোহে মুক্তি পাচ্ছে শচীন টেন্ডুলকারের জীবনের সত্যি কাহিনি নিয়ে নির্মিত চলচ্চিত্র। নামভূমিকায় শচীন টেন্ডুলকার।’
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী অদূর ভবিষ্যতে এ রকম বিজ্ঞাপন শোনার জন্য প্রস্তুতি নিয়ে রাখুন। ভারতের শীর্ষ দৈনিকটি জানিয়েছে শচীন টেন্ডুলকারের জীবনী নিয়ে একটি চলচ্চিত্রের নির্মাণকাজ বছর খানেক আগেই শুরু হয়ে গেছে। এতে নামভূমিকায় অভিনয় করছেন টেন্ডুলকার স্বয়ং। ২০১৩ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়া ভারতীয় কিংবদন্তির জীবনের জানা অধ্যায়গুলো তো থাকছেই, সিনেমাটিতে থাকবে টেন্ডুলকারের ব্যক্তিগত ও পেশাগত জীবনের অজানা অনেক গল্পও। টেন্ডুলকার ছাড়াও বিশ্বের অনেক বিখ্যাত ব্যক্তিকে দেখা যাবে সিনেমায়।
চলচ্চিত্রটি নির্মাণ করছে মুম্বাইভিত্তিক সিনেমা কোম্পানি ২০০ নটআউট। প্রতিষ্ঠানটি চলচ্চিত্রের স্বত্ব কিনেছে টেন্ডুলকারের বাণিজ্যিক দিক দেখাশোনা করা ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপের (ডব্লুএসজি) কাছ থেকে। ছবিটির পরিচালক বিখ্যাত ইংলিশ পরিচালক জেমস আরস্কিন, যদিও নাম এখনো ঠিক হয়নি। বিশ্বকাপ ফুটবল নিয়ে ‘ওয়ান নাইট ইন তুরিন’, বিলি জিন কিং ও ববি রিগসের বিখ্যাত টেনিস ম্যাচ নিয়ে ‘ব্যাটল অব সেক্সেস’ বানিয়ে খ্যাতি পেয়েছেন আরস্কিন। ক্রিকেট নিয়েও তাঁর একটি ছবি আছে—ফ্রম দি অ্যাশেজ।
২০০ নটআউটের প্রতিষ্ঠাতা রবি ভাগচাঁদকা জানিয়েছেন, ২ হাজারের বেশি থিয়েটারে মুক্তি পাবে সিনেমাটি। টাইমস অব ইন্ডিয়া, বিবিসি।