অভিমান থেকে যদি ভালো কিছু হয়, পরিশ্রম থেকে কেন নয়?

হারারেতে নবম উইকেটে বাংলাদেশের হয়ে রেকর্ড জুটি গড়েছেন মাহমুদউল্লাহ–তাসকিনছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটটা মাটিতে নামিয়ে রেখে ইশারায় নিজেকে দেখিয়ে হাত নেড়ে বললেন, ‘আমি নই...।’ এরপর আকাশের দিকে আঙুল তুলে বোঝালেন, ‘এটা তাঁর উপহার।’ ১০ ইনিংস পর টেস্টে নিজের পঞ্চম সেঞ্চুরির উদ্‌যাপনে উচ্ছ্বাসের চেয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাই বেশি প্রকাশ করলেন মাহমুদউল্লাহ।

একটু পরই আরেকটা উদ্‌যাপন দেখল হারারে স্পোর্টস ক্লাব মাঠ। এবারের উদ্‌যাপনে উচ্ছ্বাসটাই বেশি। ড্রেসিংরুমের দিকে ফিরে দুহাত ওপরে তুলে ব্যাট ঝাঁকালেন তাসকিন আহমেদ। যার অনুবাদ হতে পারে এমন—এই দেখ, আমিও পেরেছি! তাসকিনের উদ্‌যাপন আট টেস্টের ক্যারিয়ারে প্রথম ফিফটির। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটেও তাঁর কোনো ফিফটি ছিল না।

সেঞ্চুরি দিয়েই ফিরলেন মাহমুদউল্লাহ
ছবি: টুইটার

মাহমুদউল্লাহ আর তাসকিনের দুই রকম উদ্‌যাপনের পেছনের গল্প দুটিও দুই রকম। একটিতে মিশে আছে অভিমান। আরেকটিতে ঘাম ঝরানো কঠোর পরিশ্রম।

গত শ্রীলঙ্কা সিরিজের আগে প্রথম আলো থেকে একটা সাক্ষাৎকার চাওয়া হয়েছিল মাহমুদউল্লাহর কাছে। দেব দেব করেও শেষ পর্যন্ত বললেন, টি-টোয়েন্টি সিরিজটা শেষ হোক। শেষ পর্যন্ত তাঁকে ধরা গেল সিরিজ শেষে। এই প্রশ্ন, ওই প্রশ্নের পর আসল প্রশ্নটায় আসা। যেটার উত্তর মাহমুদউল্লাহ দিয়েছিলেন খুবই সংক্ষেপে। তবে সেই সংক্ষিপ্ত উত্তরেই স্পষ্ট হয়ে উঠেছিল তাঁর অভিমান, তাঁর সংকল্প। প্রশ্ন দুটি এখানে হুবুহু তুলে ধরা হলো—

প্রশ্ন: একটু অন্য প্রসঙ্গ, টেস্টে আপনার ভবিষ্যৎ কী? লাল বলের ক্রিকেটে কোচের খাতা থেকে তো আপনার নাম কাটাই হয়ে গেল…

মাহমুদউল্লাহ: আল্লাহ জানেন (হাসি)। তবে আমি এখনো খুব আশাবাদী। দেখা যাক সামনে কী হয়। সময়ই বলে দেবে।

প্রশ্ন: টেস্ট দল থেকে বাদ পড়া নিয়ে কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে আপনার একটা দূরত্ব তো তৈরি হয়েছেই। সামনের টি-টোয়েন্টিগুলোতে অধিনায়ক হিসেবে আপনাকে আবার তাঁর সঙ্গেই জুটি বাঁধতে হবে। এটা কতটা স্বস্তিদায়ক হবে আপনার জন্য?

মাহমুদউল্লাহ: আমি আমার কাজের ক্ষেত্রে শতভাগ পেশাদার। সেটা কারও সঙ্গে সম্পর্কই হোক বা খেলাই হোক।

মাহমুদউল্লাহকে যোগ্য সঙ্গই দিয়েছেন তাসকিন।
ছবি: টুইটার

সময় শেষ পর্যন্ত মাহমুদউল্লাহর হয়েই কথা বলেছে। কোচের অনাস্থার জবাব তিনি দিয়েছেন ব্যাট হাতে, ড্রেসিংরুমের বারান্দায় বসা ডমিঙ্গোকে সাক্ষী রেখেই। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে নিজের সর্বশেষ টেস্টটি খেলেছিলেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ দল এরপর আরও ৫টি টেস্ট খেললেও দলে জায়গা হয়নি তাঁর। হয়নি কারণ কোচ রাসেল ডমিঙ্গোই লাল বলের ক্রিকেট থেকে ‘ছুটি’ দিয়ে দিয়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে। ডমিঙ্গোর পরামর্শ ছিল, লাল বল বাদ দিয়ে মাহমুদউল্লাহর উচিত সাদা বলের ক্রিকেটেই বেশি মনোযোগ দেওয়া।

ডমিঙ্গো তাঁর সেই বিশ্বাস থেকে পুরোপুরি সরে এসেছেন কি না কে জানে, তবে জিম্বাবুয়ে আসার আগে তামিম ইকবাল আর মুশফিকুর রহিমের চোটজনিত শঙ্কায় অভিজ্ঞ ক্রিকেটারের সম্ভাব্য ঘাটতি মেটাতে দলে ফেরানো হয় মাহমুদউল্লাহকে। সুযোগটা নিয়ে মাহমুদউল্লাহও এলেন...দেখলেন...জয় করলেন। বুকের মধ্যে জমে থাকা অভিমানকে শক্তি বানিয়ে হারারের প্রত্যাবর্তন টেস্টোকে রাঙালেন সেঞ্চুরির রঙে। অফ স্পিনার রয় কাইয়াকে পরপর দুই বাউন্ডারি মেরেই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো ওই উদ্‌যাপন মাহমুদউল্লাহর।

টেস্টের প্রথম দিনে কাল সব আলোচনাই ছিল বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা নিয়ে। টসে জিতে ব্যাটিং নিয়ে ১৩২ রানে ৬ উইকেট নেই! মেহেদী হাসান মিরাজকে ধরলে যে দলের ১১ জনের মধ্যে ৯ জনই ব্যাটসম্যান, সে দলের এভাবে দুমড়েমুচড়ে যাওয়া মেনে নেওয়া কঠিনই।

কিন্তু মাহমুদউল্লাহর ব্যাট প্রতিরোধ গড়ল। প্রথমে লিটন দাসের সঙ্গে ১৩৮ রানের জুটি, এরপর তো দশ নম্বরে নামা তাসকিনকে নিয়ে অবিশ্বাস্য এক গল্পই লিখেছেন তিনি! ১৯১ রানের জুটিতে দলকে ৪৬১ রানে পৌঁছে দিয়েছেন দুজন। টেস্টে নবম উইকেট জুটিতে তাঁদের জুটিটাই এখন বাংলাদেশের সর্বোচ্চ।

নবম উইকেটের সর্বোচ্চ জুটির আগের রেকর্ডটাতেও অবশ্য আছে মাহমুদউল্লাহর নাম। ২০১২ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুলনায় সেটি (১৮৪) তিনি গড়েছিলেন আরেক পেসার আবুল হোসেনেক সঙ্গে নিয়ে।

মাহমুদউল্লাহর গল্পটা যদি হয় অভিমানের, তাসকিনের সাফল্যের পেছনে আছে পরিশ্রমের আগুনে পুড়িয়ে নিজেকে বদলে ফেলার গল্প। এটা ঠিক যে সেই পরিশ্রম তিনি ব্যাটসম্যান হতে করেননি, করেছেন বোলিংয়ের ধারটা আরও বাড়াতে। কিন্তু পরিশ্রম তো আর ব্যাটিং-বোলিং চেনে না! সে জানে তাকে যে গলার মালা বানায়, তাকে ফিরিয়ে দিতে হয় সব উজাড় করেই।

শ্রীলঙ্কায় টেস্টে ৮ উইকেট পেয়েছেন তাসকিন।
ফাইল ছবি

করোনাকালের শুরুতে যখন খেলাধুলায় তালা পড়ে গেল, তাসকিন তখন সময়টা কাজে লাগিয়েছেন নিজেকে নতুন করে তৈরি করাতে। চাইলেও খেলার বা অনুশীলনের সুযোগ ছিল না তখন। তাতে কি! শরীরটাকে ফিট রাখতে তো আর‌ ব্যাট-বল লাগে না! কখনো ঘরে, কখনো দূরের মাঠে গিয়ে সেটাই করেছেন নিয়মিত। এরপর যখন আবার খেলা-অনুশীলন শুরু হলো, বোলিংটাকে ক্ষুরধার করতেও চলল অনুশীলন।

বল হাতে পরিশ্রমের সুফল তাসকিন পেতে শুরু করেন আরও আগেই। সর্বশেষ শ্রীলঙ্কা সফরের দুই টেস্টেই করেছেন দুর্দান্ত বোলিং। গত মে মাসে ঘরের মাঠেও শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে নিয়েছেন ৪ উইকেট। তবে শুধু উইকেট দিয়ে তো আর একজন বোলারের পারফরম্যান্স বিচার করা যায় না। পেসার তাসকিনের পরিবর্তন, তার ভেতর জেগে ওঠা নতুন ক্ষুধার দেখা প্রতি ম্যাচেই দেখাচ্ছেন তিনি।হারারে স্পোর্টস ক্লাব মাঠের উইকেটেও বল হাতে ভালো কিছুর আশাই তাসকিন করবেন।

তবে সাফল্যের উদ্‌যাপনটা তিনি এবার করে ফেলেছেন বল হাতে নেওয়ার আগেই। ব্যাটসম্যান হিসেবে উইকেট আঁকড়ে থাকার সামর্থ্যটাও যে চলে এসেছে পরিশ্রমের হাত ধরে! ৭৫ রানের ইনিংসে বাজে বল পেলেই নিখুঁত ক্রিকেটীয় শটে বুঝিয়ে দিয়েছেন প্রাপ্য বাউন্ডারি। এমন ব্যাটিং দেখে বোঝার সাধ্যি কার, তাসকিন দলের ১০ নম্বর ব্যাটসম্যান!

হারারে টেস্টের প্রথম ইনিংসটা তাই মাহমুদউল্লাহর অভিমান আর তাসকিনের পরিশ্রমের গল্প হয়েই থাকছে।