অভিমান ভেঙে সাংবাদিকদের মুখোমুখি তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনেও জুটি বাঁধলেন ইমরুল–তামিম। ছবি: প্রথম আলো
সংবাদ সম্মেলনেও জুটি বাঁধলেন ইমরুল–তামিম। ছবি: প্রথম আলো

এলেন, তামিম ইকবাল তবে সংবাদ সম্মেলনে এলেন!
খুলনা টেস্টের প্রথম দুদিনই সংবাদ সম্মেলনে তামিম ইকবালকে আশা করেছিলেন সাংবাদিকেরা। দুদিনই সাংবাদিকদের মুখোমুখি হওয়ার মতো উপলক্ষ ছিল এ বাঁ–হাতি ওপেনারের। গত ওয়েস্ট ইন্ডিজ সফরের আগ থেকেই সংবাদমাধ্যমকে এড়িয়ে চলছেন তামিম। কেনো সাক্ষাৎকার তো না-ই, আসেন না ম্যাচের আগে-পরের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনগুলোতেও। সেই ‘ধারাবাহিকতা’ চলল খুলনাতেও।
কিন্তু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেঞ্চুরির পর আর ‘অভিমান’ করে থাকতে পারলেন না। এমন সুখের দিনে অভিমান করে থাকা যায়! স্বাভাবিকভাবেই ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গটিই এল। তামিম বেশ ভালোভাবেই ‘ব্লক’ করলেন সাংবাদিকদের প্রশ্ন, ‘কথা না বলাটা আসলে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। ব্যক্তিগত একটা ব্যাপার, তবে ও রকম কিছু না। আন্তর্জাতিক ক্রিকেট খেললে এক সময় না এক সময় কথা তো বলতেই হবে। সে রকম কোনো কিছু নয়। ব্যক্তিগত কারণে চেষ্টা করেছি কয়েকটা দিন এড়িয়ে যেতে।’
খুলনা টেস্টে চার বছর পর পেয়েছেন সেঞ্চুরি। এবার পেলেন টানা শতক। এই দুই সেঞ্চুরির কোনটা তাঁর বেশি প্রিয়? তামিম জানালেন, ‘খুলনায় সেঞ্চুরি পেতে বেশি পরিশ্রম করতে হয়েছে। খুবই হার্ডওয়ার্ক করতে হয়েছিল। কারণ, প্রথম দিন উইকেট দেখতেও খুব ফ্ল্যাট ছিল কিন্তু ব্যাটিং করার জন্য খুব একটা সহজ ছিল না। খুব হার্ডওয়ার্ক করে ওই ইনিংসটা খেলতে হয়েছে। দুইটা দুই রকম ইনিংস। আজকে হয়তো অনেকগুলো বাউন্ডারির বল আমি পেয়েছে, যেটা খুলনায় পাইনি। শতক সব সময়ই বিশেষ কিছু। দুটিই আমার জন্য বিশেষ কিছু।’
তামিম চট্টগ্রামের ছেলে। ঘরের মাঠে সেঞ্চুরি পাওয়াটা অন্য রকম কিছু। সেটিই বললেন এ ওপেনার, ‘নিজের মাঠ তো বটেই। অনুশীলনেও কোচকে বলছিলাম, এই মাঠে আমি ১০০ করতে চাই। নিজের ঘরের মাঠে বেশ কয়েকটি টেস্ট খেলেছি। কিন্তু রেকর্ড মনে হয় খুব একটা ভালো নয় চট্টগ্রামে। একটা সেঞ্চুরি অবশ্যই করতে চেয়েছি। সেটা হয়েছে—এখন এটা অন্তত বলতে পারব। আমি ভীষণ খুশি।’
মাঝে বাজে সময় গিয়েছে। সে সময় সমর্থন পেয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিমের। কৃতজ্ঞতা জানালেন তাঁকেও, ‘প্রথমত মুশফিককে ধন্যবাদ দিতে চাই। যখন বাজে সময় যাচ্ছিল তখন সে আমাকে সব সময় সমর্থন করেছে। কোচ নতুন এসেছেন। যখন বাংলাদেশে তিনি এলেন, ওই সময়ে খুব একটা ভালো খেলছিলাম না। তার পরও আমাকে সমর্থন করেছেন। এ দুজন ব্যক্তিকে ধন্যবাদ দিতে চাই।’
বাংলাদেশের হয়ে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে টেস্টে সর্বোচ্চ ছয়টি সেঞ্চুরির মালিক তামিম। এর মধ্যে কোনটিকে এগিয়ে রাখবেন? জানালেন, ‘সবগুলোই সমান গুরুত্বপূর্ণ আমার জন্য। খুলনার ইনিংসটা যেমন। আন্তর্জাতিক ক্রিকেটে কখনো পুরো এক দিন ব্যাটিং করিনি। পুরো দিন ব্যাট করে আমি কখনো চিন্তা করতে পারতাম না। ওই ইনিংসটা খেলতে খুব কষ্টই হয়েছে। তবে সব শতকই আমার জন্য সমান গুরুত্বপূর্ণ।’
তামিমের সঙ্গে সেঞ্চুরি পেয়েছেন ইমরুল কায়েসও। দলে ফিরেই সেঞ্চুরি! এ ওপেনার বললেন, ‘যেখানেই সেঞ্চুরি পাই না কেন, এটা একটা বিশেষ অনুভূতি। আগের ম্যাচগুলো টিভিতে দেখছিলাম। তবে আশা করিনি সিরিজের মাঝে দলে সুযোগ পাব। চিন্তা করেছিলাম যদি আবার সুযোগ পাই সেঞ্চুরি করার চেষ্টা করব। চেষ্টা ছিল, যখনই সুযোগ পাব ভালো করব।’
তামিমের সঙ্গে জুটিটা যেন বেশ জমে তাঁর। বিশেষ করে টেস্টে। ইমরুলও বললেন, ‘আমি আর ও যখন ব্যাটিং করি ... ও যখন সমস্যা মোকাবিলা করে, তখন ওকে পরামর্শ দিই। আবার আমি যখন সমস্যায় পড়ি, তখন ও আমাকে পরামর্শ দেয়। আজ ব্যাটিংয়ে নামার আগে ও চিগুম্বুরার দুর্বলতা, শক্তিশালী দিকগুলো বলেছিল। এটি আমাকে কাজ খুব সহজ করে দিয়েছে। জুটির সঙ্গী যখন আপনার সঙ্গে কথা বলবে, তখন সবকিছুই সহজ হয়ে যায় এবং ভালো হয়।’