মাইক হর্ন লোকটা কোনো ক্রিকেট কিংবদন্তি নন। সাবেক ক্রিকেটার নন, বিশ্লেষক নন, কোচ নন, এমনকি মনোবিদও নন। কিন্তু এবি ডি ভিলিয়ার্সরা শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচের আগে তন্ময় হয়ে তাঁর কথা শুনছেন! হর্ন একজন বিখ্যাত অভিযাত্রী। স্লেজগাড়ি ছাড়াই একা দক্ষিণ মেরুতে ঘুরে এসেছেন, ডিঙি নৌকায় একা পাড়ি দিয়েছেন বিশাল আমাজান নদী। পৃথিবীটার অনেকটুকু রূপ-রস দেখেছেন, কীভাবে অসম্ভবকে জয় করা যায় সেই মন্ত্রই জপে দিয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের কানে। চাপকে কীভাবে সামলাতে হয়, কীভাবে স্নায়ু ধরে রাখতে হয়, সেসবও হয়তো বলেছেন। খেলার লোক না হলেও খেলোয়াড়দের উদ্বুদ্ধ করার কাজটা আগেও করেছেন। বিশ্বকাপ ফুটবলজয়ী জার্মানি দলের সঙ্গে কথা বলেছিলেন, এমনকি তিন বছর আগে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকেও অনুপ্রাণিত করেছিলেন। বিশ্বকাপের নকআউট পর্বে এখনো না জেতা ডি ভিলিয়ার্সরা তাঁর কাছ থেকে জয়ের অনুপ্রেরণা তো নিতেই পারেন! এএফপি।