অভিযুক্ত 'বোলার' ধাওয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিখর ধাওয়ান
শিখর ধাওয়ান

শিখর ধাওয়ান ওপেনিং ব্যাটসম্যান, বোলিং করেন কালেভদ্রে। টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে লম্বা স্পেলটা করেছেন মাত্রই শেষ হওয়া দিল্লি টেস্টের দ্বিতীয় ইনিংসে। সেটাও মাত্র ৩ ওভার। আর ওই ৩ ওভার অফ স্পিন বোলিংই ঝামেলায় ফেলেছে ভারতের ওপেনারকে। ধাওয়ানকে সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত করেছে আইসিসি। বোলিং ক্যারিয়ারটা বাঁচাতে হলে এখন তাই অ্যাকশনের পরীক্ষা দিতে হবে তাঁকে।
দিল্লি টেস্টে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ৩ ওভারে ৯ রান দিয়েছিলেন ধাওয়ান। ভারতের বোলারদের মধ্যে তাঁর ইকোনমিই ছিল সবচেয়ে খারাপ। ১৯ টেস্টের ক্যারিয়ারে সব মিলিয়ে ৯ ওভার হাত ঘোরানো ধাওয়ানকে আগামী দুই সপ্তাহের মধ্যে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার ফল প্রকাশের আগ পর্যন্ত অবশ্য বোলিং চালিয়ে যেতে পারবেন।
বছর দেড়েক হলো অবৈধ বোলিং অ্যাকশনের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে আইসিসি। বাংলাদেশের সোহাগ গাজী, পাকিস্তানের সাঈদ আজমল, মোহাম্মদ হাফিজ, ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইনসহ আরও কয়েকজন বোলার নিষিদ্ধ হয়েছেন ত্রুটিপূর্ণ অ্যাকশনের দায়ে। এএফপি, রয়টার্স।