
দিনের প্রথম ম্যাচেই প্রথম দেশি ক্রিকেটার হিসেবে ম্যাচসেরা হয়েছেন সাইফউদ্দিন। কিন্তু পরের ম্যাচেই চেনা পথে ফিরল বিপিএল। বিদেশিদের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে রাতের ম্যাচের সেরা দানুশকা গুনাতিলকা।
তিন ম্যাচে তিন জয়। সিলেট রীতিমতো উড়ছে এবার। প্রতি ম্যাচেই দুর্দান্ত সূচনা এনে দিচ্ছেন সিলেটের দুই ওপেনার। আজও সেঞ্চুরি জুটি গড়েছেন উপুল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচার। কিন্তু ৪ রানের মধ্যে এই দুজনের ফেরার পর পথ হারাতে বসেছিল স্বাগতিকেরা। সাব্বির রহমান তাঁর অফ ফর্ম ধরে রেখেছেন আজও। তবু যে সিলেটের ইনিংস দুই শ ছাড়াল, এর কৃতিত্ব গুনাতিলকার।
অন্য প্রান্তে সাব্বিরের ধীরগতির ইনিংসেও নিজের ওপর চাপ নেননি। ২ চার ও ৩ ছক্কায় ঝড় তুলেছেন। দলের রান রেট দশের কাছাকাছি রেখেছেন। ২২ বলে ৪২ রানের এই ঝড়ের পর তাই বাকি কাজটা সেরে নিতে পেরেছেন রস হুইটলি। এ কারণেই তো তাঁর চেয়ে বেশি রান করেও ম্যাচসেরার পুরস্কারে নিজেদের নাম লেখাতে পারেননি টানা তৃতীয় ফিফটি পাওয়া থারাঙ্গা কিংবা ফ্লেচার।
বিপিএলের অভিষেক ইনিংসেই ম্যান অব দ্য ম্যাচ! বাকি ম্যাচগুলোর জন্য নিশ্চয় অধীর অপেক্ষায় থাকবেন এই শ্রীলঙ্কান!